কলকাতা 

দক্ষিণবঙ্গের ৯ জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা জানালো আলিপুর আবহাওয়া দফতর

শেয়ার করুন

হাওড়া হুগলি কলকাতা ছাড়া দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। হাওড়া হুগলি কলকাতাতে সম্ভাবনা খুব কম। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতার পাশাপাশি আলাদা করে সতর্কতা নেই হুগলি, হাওড়াতেও। তবে দক্ষিণবঙ্গের অন্যত্র ঝড়বৃষ্টি হতে পারে।

শুক্রবার থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এর মধ্যে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে শুক্রবার। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের মতো জেলায় বৃষ্টি হলেও গরমের অস্বস্তি থাকবে। উত্তর ২৪ পরগনায় আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী বুধবার এবং বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণ হতে পারে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে।

উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেন্টিমিটার) হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এ ছাড়া, উত্তরের সমস্ত জেলাতেই ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জলপাইগুড়িতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত টানা ভারী বৃষ্টি চলবে। দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তা গিয়েছে বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরাংশ এবং উত্তর বাংলাদেশের উপর দিয়ে। সমুদ্রতল থেকে তার উচ্চতা ০.৯ কিলোমিটার।

শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৯ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি বেশি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ