উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ: পাশের হার ৯১.২৩%,
বিশেষ প্রতিনিধি : আজ প্রকাশিত হল ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পরীক্ষার পর মাত্র ৫৮ দিনের মাথায়। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ড. পার্থ কর্মকার এক সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন। এ বছর সামগ্রিক পাশের হার দাঁড়িয়েছে ৯১.২৩ শতাংশ। তিনি বলেন, আমরা ভেবেছি এই বছর থেকে পাশের হার প্রকাশ করার পাশাপাশি পরিসংখ্যানভিত্তিক বৈজ্ঞানিক পদ্ধতির অবলম্বনে ফলাফল বিশ্লেষণ করা হবে। প্রতিটি স্কুলের পোর্টালে তাদের সমস্ত বিষয়ের ফলাফলের বিশ্লেষণ বক্স আমরা প্লটের মাধ্যমে তুলে ধরেছি। বক্স প্লট এমন একটি পরিসংখ্যানভিত্তিক চিত্র যা বিপুল সংখ্যক ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বরকে সংক্ষিপ্ত ও সহজভাবে উপস্থাপন করে। শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরগুলো কতটা কাছাকাছি বা কতটা ছড়ানো, তা এক নজরে বুঝতে সাহায্য করে। ক্লাসের গড়ের তুলনায় অস্বাভাবিক ভালো বা খুব খারাপ ফলাফল করা শিক্ষার্থীদের সহজে খুঁজে বের করা যায়, যা পরবর্তীকালে স্পেশাল মেন্টরিং এর পদক্ষেপ নিতে সাহায্য করে। ভিন্ন ভিন্ন বিষয়ের ফলাফলের তুলনামূলক চিত্র পাশাপাশি রেখে খুব সহজেই বিশ্লেষণ করা যায়। স্কুলের কোন বিষয়ে ভালো ফল হল কোন বিষয়ে তুলনামূলক খারাপ ফলাফল হয়েছে, তা সহজেই শনাক্ত করা যায়। আমাদের উদ্দেশ্য একটাই, শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন।
এবছরের মেধা তালিকার শীর্ষে মেধা তালিকায় প্রথম ১০টি স্থানে রয়েছে মোট ৬৪ জন পরীক্ষার্থী। রাজ্যের মেধা তালিকায় প্রথম তিনটি স্থানে আছে–
প্রথম স্থান: নরেন্দ্রমপুর রামকৃষ্ণ মিশন আবাসিকের ছাত্র আদৃত পাল ৪৯৬ নম্বর (৯৯.২%)
দ্বিতীয় স্থান: যৌথভাবে ৪৯৫ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের জিষ্ণু কুণ্ডু এবং ঋতব্রত নাথ (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন) ও ঐতিহ্য পাছাল
তৃতীয় স্থান: ৪৯৪ পেয়ে যৌথভাবে রয়েছে ৫ জন– দেবপ্রিয় মাঝি, তন্ময় মণ্ডল, সৌম্য রায়, শুভায়ন মণ্ডল ও প্রীতম বল্লভ
উল্লেখ্য, ৪৯২ নম্বর পেয়ে মেয়েদের মধ্যে রাজ্যে শীর্ষে রয়েছে হুগলির শ্রীরামপুরের মেঘা মজুমদার।
সংসদের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর পরীক্ষায় ছাত্রদের পাসের হার ৮৯.৭১% এবং ছাত্রীদের পাসের হার ৯২.৪৭%
বিগত কয়েক বছরের মতো এবারও সাফল্যের হারে ছেলেদের অনেকটাই পেছনে ফেলে দিয়েছে মেয়েরা। এ বছর মোট ৭,১০,৮১১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫,৭১,৩৫৫ জন সফলভাবে উত্তীর্ণ হয়েছে।

জেলাগুলির মধ্যে সাফল্যের নিরিখে এবারও শীর্ষস্থান ধরে রেখেছে পূর্ব মেদিনীপুর। সংসদ জানিয়েছে, আজ স্কুল থেকে মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে। ১৪ মে, ২০২৬ মাঝরাত থেকে ১৭ মে পর্যন্ত তৎকাল রিভিউয়ের জন্য আবেদন করা যাবে।আগামী ২০ মে PPS এবং পুনর্মূল্যায়নের (PPR) জন্য অনলাইনে আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ ৫ জুন ২০২৬

