শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের হত্যার ঘটনার তদন্তে গঠিত হলো সিট!
শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনার তদন্তে এ বার বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হল। এই তদন্তকারী দলে রাজ্য পুলিশের আধিকারিকদের পাশাপাশি সিআইডি-র আধিকারিকেরাও রয়েছেন। তবে কত জন সদস্যকে নিয়ে এই সিট গঠিত হয়েছে, কোন আধিকারিকেরা এই তদন্তকারী দলে রয়েছেন, তা প্রাথমিক ভাবে স্পষ্ট নয়।
বৃহস্পতিবার সকালে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র ডিজি প্রবীণ কুমারও মধ্যমগ্রামের ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি সিদ্ধনাথ গুপ্ত বুধবার রাতেই গিয়েছিলেন মধ্যমগ্রামের হাসপাতালে। তদন্তের স্বার্থে তিনি বেশি কিছু প্রকাশ্যে বলতে চাননি। তবে রাজ্যের পুলিশপ্রধান সিদ্ধনাথ জানিয়েছেন, অপরাধে ব্যবহৃত একটি চারচাকা গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। নম্বরপ্লেট অনুযায়ী সেটি শিলিগুড়ির। তবে নম্বরপ্লেটটি ভুয়ো বলে মনে করা হচ্ছে। এ ছাড়া, কিছু গুলি এবং ব্যবহৃত কার্তুজ পাওয়া গিয়েছে।

চন্দ্রনাথ হত্যার তদন্তে ইতিমধ্যে আসরে নেমেছে সিআইডি। বৃহস্পতিবার সকালেই রাজ্যের তদন্তকারী সংস্থার আধিকারিকেরা পৌঁছে গিয়েছেন মধ্যমগ্রামের অকুস্থলে। রাজ্য পুলিশের ফরেনসিক বিশেষজ্ঞদের একটি প্রতিনিধিদল বুধবার রাতেই পৌঁছে যায় সেখানে। যে গাড়িটিতে চন্দ্রনাথ ছিলেন, সেই গাড়ি থেকে নমুনা সংগ্রহ করেছেন ফরেনসিক আধিকারিকেরা। গাড়ির সামনের দিকে দু’টি আসনেই রক্তের ছোপ রয়েছে। সেই দু’টি আসন-সহ গাড়ির বিভিন্ন অংশ থেকে নমুনা সংগ্রহ করেন তাঁরা।

