কলকাতা 

২০০ এর বেশি আসন জিতছি, এক্সিট পোলকে বিশ্বাস করবেন না, কাউন্টিং এজেন্টদের বার্তা মমতা অভিষেকের

শেয়ার করুন

২০০-র উপরে আসনে জিততে চলেছি আমরা! কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এই বার্তাই দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ এই বৈঠক শুরু হয়। বৈঠকে যোগ দেন তৃণমূলের সব কাউন্টিং এজেন্ট। তা ছাড়াও এই বৈঠকে রয়েছেন দলের সমস্ত প্রার্থী এবং গুরুত্বপূর্ণ নেতারা।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বৈঠকে দলের কর্মীদের উদ্দেশে মমতা-অভিষেক জানান, শেয়ার মার্কেটকে চাঙ্গা করতেই বুথফেরত সমীক্ষাগুলিতে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। তাঁরা এ-ও জানান যে, ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা ভোটেও একই পন্থা নেওয়া হয়েছিল।

Advertisement

 

তৃণমূলের ওই সূত্রের দাবি, বৈঠকের শুরুতেই ‘আপসহীন লড়াইয়ের’ জন্য দলের কর্মীদের অভিনন্দন জানান মমতা। দলের কর্মী-সমর্থকদের উপর কেন্দ্রীয় বাহিনীর ‘অত্যাচার’ নিয়েও ফের সরব হন তিনি। আশ্বাস দেন যে, যাঁরা কেন্দ্রীয় বাহিনীর ‘অত্যাচার’ সহ্য করেছেন, দল তাঁদের পুরস্কৃত করবে। প্রায় একই সুরে অভিষেক অভিযোগ করেন যে, কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে ভোটারদের ভয় দেখাতে চেয়েছে বিজেপি। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মহিলা ও শিশুদের মারধর এবং হেনস্থা করার অভিযোগও তোলেন তিনি।

তৃণমূল সূত্রে এ-ও জানা গিয়েছে যে, ভোটগণনা নিয়ে কাউন্টিং এজেন্টদের একগুচ্ছ নির্দেশ দিয়েছেন মমতা-অভিষেক। গণনাকেন্দ্রের প্রতিটি মুহূর্তের খবর দলের শীর্ষ নেতৃত্বকে জানাতে বলা হয়েছে। সোমবার, গণনার দিন এজেন্টদের ভোরবেলা গণনাকেন্দ্রে পৌঁছে যেতে বলা হয়েছে। গণনা শেষ হওয়া না-পর্যন্ত বাইরে না-বেরোনোর নির্দেশও দেওয়া হয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ