ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন,বিকেল থেকে দেখা যাবে ওয়েবসাইটে
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সাপ্লিমেন্টারি (অতিরিক্ত) তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। ট্রাইবুনালে যে ভোটারদের তথ্য নিষ্পত্তি হয়েছে, তাঁদের নাম দেখা যাবে কমিশনের ওয়েবসাইটে। তবে বিবেচনাধীন ভোটারদের মধ্যে মোট কত নাম উঠল এবং কত নাম বাদ গেল সে সংক্রান্ত পূর্ণ তালিকা প্রকাশ করা হবে বুধবার বিকেলে। এমনটাই কমিশন সূত্রে খবর। এখন ভোটারেরা এপিক নম্বর দিয়ে জানতে পারবেন, তাঁদের নামের নিষ্পত্তি হয়েছে কি না।
শীর্ষ আদালত সংবিধানের ১৪২ ধারার ক্ষমতা প্রয়োগ করে জানিয়েছিল, প্রথম দফার ১৫২টি আসনে (২৩ এপ্রিল) ভোট হওয়ার আগে ২১ এপ্রিল, মঙ্গলবার পর্যন্ত বাদ পড়া যে ভোটারদের আবেদন স্বীকৃতি পাবে, তাঁদের নাম সর্বশেষ ভোটার তালিকায় উঠবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ অগ্রবাল জানান, ট্রাইবুনাল যাঁদের ছাড়পত্র দেবে, তাঁদের নাম ভোটার তালিকায় তুলে দেওয়া হবে। প্রথম দফায় কারা ভোট দিতে পারবেন, তা জানা যাবে মঙ্গলবার রাতের মধ্যেই। এখন ট্রাইবুনালের নিষ্পত্তি করা ‘অ্যাডিশন’ এবং ‘ডিলিশন’ (যোগ এবং বাতিল) দু’টি তালিকাই প্রকাশ করা হয়েছে। যে বুথগুলিতে ভোটারদের তথ্য নিষ্পত্তি হয়নি, সেই বুথের নাম সংশ্লিষ্ট ওয়েবসাইটে ‘ক্লিক’ করলে জানা যাবে। বুধবারের মধ্যে পূর্ণ তালিকা পাওয়া যাবে বলে খবর।

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল প্রথম দফায় রাজ্যের ১৫২টি বিধানসভা আসনে ভোট রয়েছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ২১ এপ্রিল পর্যন্ত ট্রাইবুনাল যত জন বিবেচনাধীন ভোটারের তথ্য নিষ্পত্তি করবে, তাঁদের মধ্যে যাঁদের নাম বাদ পড়বে না, তাঁদের নাম প্রথম দফা ভোটের আগে জানাতে হবে। তাঁরা ভোটও দিতে পারবেন।

