জেলা 

প্রথম দফার ভোটের চার দিন আগে পূর্ব মেদিনীপুরের ২ এসডিপিওকে বদলির নির্দেশ কমিশনের

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : প্রথম দফার ভোটের ঠিক চার দিন আগে পূর্ব মেদিনীপুরের হলদিয়া কাঁথি মহকুমার এসডিপিও বদল করল নির্বাচন কমিশন।

কমিশন রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালকে চিঠি দিয়ে বদলির নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে। সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে, পূর্ব মেদিনীপুরের হলদিয়া এবং কাঁথির এসডিপিও বদলের বিষয়টি। কাঁথিতে অতনু ঘোষালকে এসডিপিও করে পাঠানো হচ্ছে। তিনি রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের সঙ্গে যুক্ত। কাঁথি ছাড়াও হলদিয়ার এসডিপিও-কেও বদলে দেওয়ার নির্দেশ দিল কমিশন। ওই পদে পাঠানো হচ্ছে অলোক কুমারকে। তিনি ২০২৩ ব্যাচের আইপিএস।

Advertisement

অতীতেও একাধিক এসডিপিও-কেও বদলি করেছে কমিশন। এর আগে বেলডাঙার এসডিপিও পদে থাকা উত্তম গড়াইকে সরিয়ে দেওয়া হয়েছিল। তাঁর জায়গায় বেলডাঙার নতুন এসডিপিও করা হয় আনন্দজিৎ হোড়কে। এ বার রাজ্যের আরও দুই এসডিপিও-কে বদল করা হল। মুখ্যসচিব ছাড়াও রদবদলের নির্দেশিকার প্রতিলিপি পাঠানো হয়েছে রাজ্যের সিইও মনোজ অগ্রবাল, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত, কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ, স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের নোডাল অফিসারকে। রবিবারই বিকেল ৫টার মধ্যে নবনিযুক্ত এসডিপিওদের দায়িত্ব নিতে বলেছে কমিশন।

উল্লেখ্য, পূর্ব মেদিনীপুরে প্রথম দফাতেই ভোটগ্রহণ হবে আগামী বৃহস্পতিবার, ২৩ এপ্রিল। তার দিন তিনেক আগে দুই এসডিপিও-র বদলির নির্দেশ নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ