কলকাতা 

ভোটের দুদিন আগে ট্রাইবুনাল ভোটার তালিকায় নাম তোলার অনুমতি দিলে ভোট দিতে পারবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

শেয়ার করুন

নির্বাচনের দু’দিন আগে পর্যন্ত ট্রাইবুনাল যে বিবেচনাধীন ভোটারদের আবেদনের নিষ্পত্তি করে নাম তালিকায় তোলার ক্ষেত্রে ছাড়পত্র দেবে, তাঁরা ভোট দিতে পারবেন। এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। তারা আরও জানাল, এসআইআর মামলায় সংবিধানের ১৪২ ধারা তারা প্রয়োগ করেছে।

রাজ্যে ২৩ এপ্রিল প্রথম দফার ভোট। ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট। সুপ্রিম কোর্ট জানিয়েছে, প্রথম দফার ভোটে রাজ্যের ১৫২টি কেন্দ্রে যে বিবেচনাধীন ভোটারদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে বাদ গিয়েছে, তাঁদের মধ্যে যাঁদের আবেদন নিষ্পত্তি করে নাম তোলার ক্ষেত্রে ২১ এপ্রিল পর্যন্ত ছাড়পত্র দেবে ট্রাইবুনাল, তাঁরা ভোট দিতে পারবেন। দ্বিতীয় দফার ক্ষেত্রে সেই সময়সীমা ২৭ এপ্রিল। ট্রাইবুনাল নিষ্পত্তি করে ছাড়পত্র দিলে ওই বিবেচনাধীন ভোটারেরা নিজেদের অধিকার প্রয়োগ করতে পারবেন। তবে ট্রাইবুনাল যে বিবেচনাধীন ভোটারদের নাম বাদ দেবে, তাঁরা ভোট দিতে পারবেন না।

Advertisement

ভোটে প্রার্থীদের মনোনয়ন জমা করার শেষ দিনে ভোটার তালিকা ‘ফ্রিজ’ করে দেয় কমিশন। এ বার সুপ্রিম কোর্ট বিশেষ ক্ষমতা প্রয়োগ করল। শীর্ষ আদালত জানিয়ে দিল, ভোটদানের দু’দিন আগে পর্যন্ত যে বিবেচনাধীন ভোটারদের আবেদন নিষ্পত্তির পরে নাম তালিকায় তোলার জন্য ছাড়পত্র দেবে ট্রাইবুনাল, তাঁরাও ভোট দিতে পারবেন। তবে বিবেচনাধীন ভোটারদের আবেদনের নিষ্পত্তি হতে হবে ট্রাইবুনালে। সেখানে শুধু আবেদন করলেই চলবে না।

রাজ্যে বিবেচনাধীন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের মধ্যে ২৭ লক্ষের নাম বাদ পড়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁরা ট্রাইবুনালে আবেদন জানাতে পারবেন। সে জন্য সশরীরে হাজিরাও আবশ্যিক নয়। ইসিআইনেট মোবাইল অ্যাপ কিংবা কমিশনের ওয়েবসাইটে গিয়েও আবেদন করা যাবে। জেলাশাসক বা মহকুমাশাসকের দফতরেও আবেদন করতে পারেন বাদ পড়া ভোটারেরা। সেই ট্রাইবুনাল গঠিত হয়েছে ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে। এসআইআর সংক্রান্ত ‘আপিল ট্রাইবুনাল’-এর দফতরে বসছেন ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতি। তাঁরা ট্রাইবুনালে আবেদনকারীদের নথি খতিয়ে দেখছেন।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ