অভিষেক রুজিরার গাড়িতে তল্লাশির whatsapp নির্দেশ, কমিশনে নালিশ তৃণমূলের
‘দলের নেতাদের গাড়িতে তল্লাশি চালানোর হোয়াট্সঅ্যাপ-নির্দেশের’ বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল। দলের তরফে কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রাজ্যের শাসকদলের অভিযোগ, হোয়াট্সঅ্যাপ গ্রুপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূলের বাকি নেতাদের গাড়িতে তল্লাশি চালানোর নির্দেশ দিয়েছে কমিশন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতেও নাকি তল্লাশি চালানোর কথা বলা হয়েছে।
মঙ্গলবার নির্দেশ সংবলিত হোয়াট্সঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে তৃণমূল। তাদের অভিযোগ, কমিশনের সন্দেহ, অভিষেকের স্ত্রীর মাধ্যমে টাকা পাঠানো হতে পারে। সেই কারণেই অভিষেক, তাঁর স্ত্রী-সহ তৃণমূলের সকলের গাড়িতে কমিশন পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালাতে বলেছে বলে দাবি তৃণমূলের।

দু’টি স্ক্রিনশট প্রকাশ করে তৃণমূলের অভিযোগ, ভোটের মুখে কমিশন দলীয় নেতাদের নিশানা করছে। শুধু নেতামন্ত্রী নন, তাঁদের পরিবারের সদস্যদের গাড়িতে তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হচ্ছে। কমিশনের নিশানায় অভিষেক এবং তাঁর স্ত্রীও রয়েছেন। পাশাপাশি, তৃণমূলের প্রচার সংক্রান্ত যাবতীয় জনসংযোগমূলক কর্মসূচিকে নিশানা করা হচ্ছে বলে অভিযোগ। পশ্চিমবঙ্গের শাসকদল যে স্ক্রিনশট প্রকাশ করেছে, তাতে অভিষেকের নাম ইংরেজিতে দু’রকম লেখা রয়েছে। আর নামের সঙ্গে কোনও পদবির উল্লেখ নেই। অর্থাৎ, ওই স্ক্রিনশটে যে অভিষেকের উল্লেখ রয়েছে, তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি না, তা নিয়ে সংশয়ের অবকাশ রয়েছে। এমনকি, তাঁর স্ত্রীর কথা থাকলেও নাম উল্লেখ করা হয়নি।
ভোট ঘোষণার আগে থেকেই তৃণমূল এবং কমিশনের দ্বৈরথ দেখছে পশ্চিমবঙ্গ তথা গোটা দেশ। এ বার সেই পারদ কয়েকগুণ চড়িয়ে দিয়েছে তৃণমূল। তারা যে স্ক্রিনশট প্রকাশ করেছে, তাতে কয়েকটি নির্দেশের কথা রয়েছে। স্ক্রিনশট অনুযায়ী, কমিশন নাকি পুলিশ পর্যবেক্ষক এবং ব্যয় পর্যবেক্ষকদের কিছু নির্দেশ দিয়েছে। সেই নির্দেশে প্রথমে বলা হয়েছে, মেডিক্যাল ক্যাম্পের আড়ালে টাকা বিলি হচ্ছে। নদিয়া, বসিরহাট, বনগাঁ, ক্যানিং, তেহট্ট, রানাঘাট, কাকদ্বীপ, মগরাহাট-২, ডায়মন্ড হারবার-১ ও ২ ব্লক, ফলতা এবং লালবাগে যে সব রক্তদান শিবিরের আয়োজন হচ্ছে, সেগুলিতে তল্লাশি করতে হবে।

