বিজ্ঞান শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ কর্মশালায় জোর পেল ভিত মজবুত ও হাতে-কলমে শিক্ষা
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চমাধ্যমিক স্তরের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন ও বর্তমান সেমিস্টার পদ্ধতির সিলেবাস নিয়ে শিক্ষক-শিক্ষিকাদের দু’দিনের এক বিশেষ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হলো কলকাতার জিডি অ্যাকাডেমিতে। জিডি স্টাডি সার্কেলের পরিচালনায় এই প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্কুলের প্রায় ১০০ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।
এদিন প্রশিক্ষণ পর্বের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড.দীপক রঞ্জন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক জহরলাল নাইয়া এবং সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত ডব্লিউবিসিএস আধিকারিক সৈয়দ নাসির উদ্দিন।

প্রথম দিনের মতো এদিনও পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা ও গণিত—এই চার বিষয়ে প্রশিক্ষণ পর্ব অনুষ্ঠিত হয়। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ড.দেবব্রত মজুমদার, কৃষ্ণাংশ মিশ্র, ড. স্বাগতা বসাক, গৌরাঙ্গ সরখেল ও নায়ীমুল হক। কর্মশালায় আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিষয়ের পাঠ ও পাঠদান কৌশল। এছাড়াও আলোচনায় উঠে আসে–উচ্চমাধ্যমিকের বিশাল সিলেবাস, শেষ করতে ছাত্র-ছাত্রীদের হিমশিম খেতে হয়, এর থেকে পরিত্রাণের উপায় নিয়ে গুরুত্বপূর্ণ মতামত। তাঁরা বলেন, মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমের ব্যাপ্তি কিছুটা বাড়ালে উচ্চমাধ্যমিকে পড়ার চাপ কিছুটা সামলানো হয়তো সহজ হতে পারে। ল্যাবরেটরির কাজ, কনসেপ্ট ডেভেলপমেন্ট এবং হাতে-কলমে শিক্ষার মাধ্যমে কীভাবে বিষয়টিকে পড়ুয়াদের কাছে জীবন্ত করে তোলা যায়, তার নানা টিপসও দেন প্রশিক্ষকরা। প্রত্যেকেই উল্লেখ করেন, প্রতিটি বিষয়ের ভিত মজবুত ছোটবেলা থেকে করে গড়ে তুলতে পারলে, পরবর্তীকালে পড়াশোনা অনেক সহজ ও আনন্দময় হয়। এদিকে আমাদের বিশেষ নজর দিতে হবে। জিডি স্টাডি সার্কেল-এর এই উদ্যোগকে প্রশংসা করেন প্রশিক্ষকরা।
এদিন সমাপ্তি অধিবেশনে অবসরপ্রাপ্ত আইএএস শেখ নুরুল হক উপস্থিত প্রশিক্ষক এবং অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকাদের অভিনন্দন জানান। তিনি মিশনের শিক্ষক-শিক্ষিকাদের আরও নিষ্ঠার সঙ্গে শিক্ষকতার কাজে মনোনিবেশ করার আহ্বান জানান। অংশগ্রহণকারী শিক্ষকরা জানান, এই ধরনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম নিয়মিত হলে উচ্চমাধ্যমিকের পাঠদান প্রক্রিয়া আরও কার্যকর হবে।

