আইনজীবী মোফাক্কেরুল ইসলামের গ্রেফতারের নিন্দা জানাল সংখ্যালঘু যুব ফেডারেশন
বিশেষ প্রতিনিধি : কলকাতা হাইকোর্টের আইনজীবী ও সামাজিক আন্দোলনের কর্মী মোফাক্কেরুল ইসলামের গ্রেফতারের নিন্দা জানিয়েছেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মহঃ কামরুজ্জামান। তিনি এক বিবৃতিতে বলেন নির্বাচন কমিশন রাজ্যের লক্ষ লক্ষ বিচারাধীন থাকা ভোটারদের ডিলিট তালিকা প্রকাশ করছে, যাদের বেশিরভাগই বৈধ কাগজপত্র রয়েছে, এবং যার বেশিরভাগটাই মুসলিম সম্প্রদায়ের। যার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে স্বতঃস্ফূর্ত শান্তিপূর্ণ গণ আন্দোলন গড়ে উঠছে।
কলকাতা থেকে যাওয়ার পথে সকাল থেকে মালদার সুজাপুরে চলমান ডিলিট ভোটারদের আন্দোলনের পাশে থাকার জন্য বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃত্বের সাথে তিনিও বক্তব্য রাখেন এবং এডিএমের উপস্থিতিতে পরবর্তীতে সেই আন্দোলন শান্তিপূর্ণ অবস্থাতেই উঠে যায়। সেখান থেকে প্রায় ২০ কিমি দূরে মোথাবাড়িতে ব্লক অফিসের সামনেও আন্দোলন চলছিল। খবরে প্রকাশ মোথাবাড়ির সেই আন্দোলনে বিচারকদের ঘেরাও করে রাখা হয়।

প্রশাসন বিজেপির সুরে মোথাবাড়ির ঘটনার সঙ্গে উদ্দেশ্য প্রণোদিত হয়ে আইনজীবীর নাম জুড়ে দিচ্ছে ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে যা অত্যন্ত নিন্দনীয় ও দূর্ভাগ্যজনক। আমরা অবিলম্বে আইনজীবীর নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

