রেড রোডে ঈদের জামাতে শুভেচ্ছা জানাতে গিয়ে এস আই আর নিয়ে তোপ বিজেপি ও প্রধানমন্ত্রীকে মমতার
সেখ ইবাদুল ইসলাম : প্রতিবছরের মত এ বছরও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপোকে সঙ্গে নিয়ে রেড রোডে ঈদের জামাতে হাজির হন। সেখানে গিয়ে তিনি সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি এসআইআর নিয়ে তীব্র কটাক্ষ করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তার সংক্ষিপ্ত ভাষণে মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানানোর পাশাপাশি এসআইআর নিয়ে যে লড়াই তিনি শুরু করেছেন তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ডায়মন্ড হারবারের সাংসদ এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেছেন সম্প্রীতি ঐক্য রক্ষা করাটাই বাংলার প্রথম সংস্কৃতি হওয়া উচিত।
শনিবার রেড রোডে ইদের নমাজেও সেই ধারা বজায় রইল। প্রথমে ইদের শুভেচ্ছা জানান সকলকে। তার পরেই এসআইআর নিয়ে সুর চড়ান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘এসআইআরে অনেকের নাম কাটা হয়েছে। আমি তাই নিয়ে লড়াই করছি। আদালতে গিয়েছি। সকলের জন্য আমার এই লড়াই জারি থাকবে।’’

তার পরেই মোদীকে নিশানা করে তোপ দাগেন মমতা। তাঁর দাবি, ‘‘আমাদের অধিকার মোদীজিকে কেড়ে নিতে দেব না।’’ মোদীকে ‘সবচেয়ে বড় অনুপ্রবেশকারী’ বলেও আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘উনি যখন সৌদি আরব গিয়ে হাত মেলান, দুবাই গিয়ে আলিঙ্গন করেন, তখন মনে পড়ে না হিন্দু-মুসলমানের কথা? দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে।’’ পাশাপাশি এ-ও জানান, সৌদি হোক বা দুবাই— সকলেই ভারতের বন্ধু। শুধু মোদীকে নয়, তাঁর সরকার এবং দল বিজেপিকেও নিশানা করেছেন মমতা। তাঁর হুঙ্কার, ‘‘বিজেপি গুন্ডা, ডাকাতের পার্টি। বাংলাকে যারা টার্গেট করবে তারা জাহান্নমে (নরকে) যাবে।’’
মমতার কয়েক মিনিটের বক্তৃতার প্রায় বড় অংশ জুড়েই ছিল এসআইআর। শনিবার রেড রোডে অভিষেকের বক্তৃতা ছিল সংক্ষিপ্ত। তিনি মানবতার কথা বলেন। বলেন ঐক্য এবং সম্প্রীতির কথাও। তাঁর কথায়, ‘‘মানবতার জন্য একজোট হতে হবে সকলকে। বাংলার সম্প্রীতি অটুট থাক। রমজানে রাম আছে, দিওয়ালিতে আলি। যে চাঁদ দেখে ইদ হয়, সেই চাঁদ দেখেই হয় করবাচৌতও।’’

