কলকাতা 

মাধ্যমিকের পর পড়াশোনা নিয়ে অনুসন্ধানের আলাপচারিতায় নিজেদের পরিকল্পনার কথা শোনালো রাজ্যের সেরা ছাত্র-ছাত্রীরা

শেয়ার করুন

নাফিসা ইসমাত: শনিবার সন্ধ্যায় এক শিক্ষামূলক অনলাইন আলাপচারিতার আয়োজন করেছিল অনুসন্ধান সোসাইটি। বিষয় ছিল– মাধ্যমিকের পর পড়াশোনা কী নিয়ে করব এবং কোন ভাবনায়। রাজ্যের বিভিন্ন প্রান্তের সেরা ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেছিল বিশেষ আলাপচারিতার এই অনুষ্ঠানে। তারা শোনায় তাদের আগামী দিনের পড়াশোনা এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা। ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষকতার সাথে সাথে কম্পিউটার বিজ্ঞানী, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং-এর মতো বিষয়গুলি নিয়ে আগামী দিনে তারা অনেক এগোতে চায় এবং বড় হতে চাওয়ার কথাও জানায় তারা। কেন হতে চায়, কোন ভাবনায় এবং শীর্ষে ওঠার পথের কথাও শোনায় কৃতী ছাত্র-ছাত্রীরা।

এদিন আলাপচারিতার সূত্রপাত করেন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নবনিযুক্ত সভাপতি গণিতের বিশিষ্ট অধ্যাপক ড.পার্থ কর্মকার। তিনি বলেন, মাধ্যমিক পরীক্ষার পর শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ক্ষেত্র অনেক বেশি উন্মুক্ত এবং তারা যাতে সঠিক বিষয় বেছে নিতে পারে, তার জন্য আজকের এই অনুষ্ঠান। এই ধরনের অনুষ্ঠান এই সময়ে ছাত্র-ছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাধ্যমিকের পর উচ্চ-মাধ্যমিক স্তরে অনেক সমসাময়িক ও বৈচিত্র্যপূর্ণ বিষয় রয়েছে। শিক্ষার্থীরা যাতে কেবল পরিবারের চাপে নয়, বরং নিজেদের মেধা ও আগ্রহ অনুযায়ী সঠিক বিষয় বেছে নিতে পারে, সেই বার্তা রাজ্যের ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। এদিন অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে ড. কর্মকার বলেন, অনুসন্ধান সোসাইটি ছাত্র-ছাত্রীদের জন্য এই ধরনের একটি আলাপচারিতার আয়োজন করেছে যা অত্যন্ত সময়োপযোগী।

Advertisement

এদিন সভায় মুখ্য অতিথি ২০২৩ সালের উচ্চ মাধ্যমিকে রাজ্যে প্রথম শুভ্রাংশু সর্দার মনে করিয়ে দেন পড়াশোনা যেন কখনো মেকানিক্যাল না হয়ে পড়ে। কেবল মুখস্থ করে বা যান্ত্রিকভাবে পড়ে প্রকৃত জ্ঞান অর্জন সম্ভব নয়। তাঁর মতে, যা পড়া হচ্ছে তা কেন পড়া হচ্ছে এবং তার অন্তর্নিহিত অর্থ কী, তা বুঝে পড়া জরুরি। পাঠ্যবইয়ের বাইরেও বই পড়ার ওপর গুরুত্ব দেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রসঙ্গে তিনি বলেন এ নিয়ে আশঙ্কার তেমন কিছু নেই। নৈতিকতার সঙ্গে সচেতনভাবে এর ব্যবহার আমাদেরকে নতুন জগৎ খুলে দিতে পারে বলে তিনি মনে করেন।

এদিন সভায় পৌরোহিত্য করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়। শিক্ষার্থীদের উদ্দেশে তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্যে তিনি বলেন, এখন সুযোগ আগের থেকে অনেক বেশি, কোনো বিষয়ে দক্ষতা অর্জনের প্রথম শর্ত হলো সেই বিষয়ের প্রতি ভালোবাসা। নিজের ভালো লাগার বিষয় নিয়ে পড়লে সাফল্যের সম্ভাবনা অনেক বেড়ে যায়। অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, গতানুগতিক ধারণা যেন কোনোভাবেই তোমাকে প্রভাবিত না করতে পারে। অভিভাবক বা সমাজের চাপ নয়, বরং নিজের মেধা ও আগ্রহকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি।

এদিন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন অনুসন্ধান সোসাইটির সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষক ড.কমল কৃষ্ণ দাস এবং সঞ্চালনায় ছিলেন শিক্ষক নায়ীমুল হক।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ