দেশ 

অনলাইনে গেম খেলতে নিষেধ করেছিল বাবা মা অভিমানে একসঙ্গে তিন বোন আত্মঘাতী

শেয়ার করুন

অনলাইনে গেম খেলতে নিষেধ করেছিলেন বাবা-মা। অভিমানে বহুতলের আবাসনের ১০তলা থেকে একসঙ্গে ঝাঁপ দিল তিন বোন। মঙ্গলবার রাত ২টো নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১২, ১৪ এবং ১৬ বছর বয়সি ওই তিন নাবালিকার।

জানা যাচ্ছে, তিন বোনই অনলাইনে গেমের প্রতি আসক্ত ছিল। করোনার অতিমারির সময় থেকেই মোবাইলে গেমের প্রতি ঝোঁক বাড়তে থাকে তাদের। সময়ের সঙ্গে সঙ্গে অনলাইন গেমের প্রতি আসক্তিও বৃদ্ধি পায় তিন বোনের। এমনকি মাঝেমধ্যে স্কুলে না গিয়ে গেম খেলতে বসে যেত তিন কিশোরী।

Advertisement

তিন মেয়ের অনলাইন গেমের প্রতি এমন আসক্তি পছন্দ ছিল না বাবা-মায়ের। সারাক্ষণ মোবাইলে মুখ গুঁজে গেম খেলা নিয়ে প্রায়শই বকাবকিও চলত। সূত্রের খবর, মঙ্গলবার রাতেও ওই গেম খেলা নিয়েই অশান্তি বাধে বাড়িতে। বাবা-মা গেম খেলতে দিচ্ছিলেন না তিন বোনকে। এর পরেই তিন কিশোরী একসঙ্গে আবাসনের ১০তলা থেকে ঝাঁপ দেয়। ঘটনার খবর পেয়ে রাতেই গাজ়িয়াবাদের লোনি এলাকার ওই আবাসনে পৌঁছে যায় টিলা মোড় থানার পুলিশ।

দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত কিশোরীদের পরিবার এবং আবাসনের অন্য বাসিন্দাদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করেন আধিকারিকেরা। প্রাথমিক ভাবে এটি আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই এ বিষয়ে নিশ্চিত ভাবে বলা সম্ভব বলে মনে করছেন আধিকারিকেরা।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ