কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিতে ছাত্র-ছাত্রীদের প্রতি অনুসন্ধান সোসাইটির আহ্বান
বিশেষ প্রতিনিধি : আগামী ২৫-২৭ ফেব্রুয়ারি২০২৬ ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট কলকাতা এবং জাতীয় কৃষিবিজ্ঞান একাডেমি নয়াদিল্লির সহযোগিতায় ‘সবুজ প্রযুক্তির অগ্রগতি’ শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। বিশিষ্ট কৃষিবিজ্ঞানী অধ্যাপক মতিয়ার রহমান খান জানিয়েছেন অ্যাসোসিয়েশন ফর এডভান্সমেন্ট ইন প্ল্যান্ট প্রটেকশন এর তরফ থেকে আয়োজিত এই সম্মেলন হবে কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট প্রাঙ্গনে। সম্মেলনের দ্বিতীয় দিন ২৬ ফেব্রুয়ারি বিকেল তিনটেয় ছাত্র-ছাত্রীদের জন্য থাকবে একটি গুরুত্বপূর্ণ বিতর্ক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা পর্বটি আয়োজনের দায়িত্বে থাকবে অনুসন্ধান সোসাইটি।
বিশিষ্ট শিক্ষাবিদ ড. শশাঙ্ক শেখর মন্ডল অত্যন্ত সময়োপযোগী এই বিতর্কসভাকে স্বাগত জানিয়ে বলেছেন, বিতর্কের প্রস্তুতি নিতে গিয়ে বর্তমান প্রজন্মের ছাত্র ছাত্রীরা মেশিন লার্নিং, জেনারেটিভ এআই এবং চ্যাটবটের মতো উন্নত প্রযুক্তি সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা লাভ করেবে। এআই-এর অপব্যবহার, ডেটা প্রাইভেসী এবং মানুষের বুদ্ধিবৃত্তিক স্বত্ব নিয়ে আলোচনার ফলে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক দায়িত্ববোধ তৈরি হবে। তিনি আরো জানান আগামী প্রজন্ম কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে কাজের জগৎকে প্রভাবিত করবে আবার নতুন কর্মসংস্থান তৈরি করবে– এসব সম্পর্কে অনেক বেশি সজাগ ও সচেতন। এই সমস্ত কথা মাথায় রেখে বিতর্কের বিষয় রাখা হয়েছে– কৃত্রিম বুদ্ধিমত্তা : চাকরি দেয় না শেষ করে! নবম থেকে দ্বাদশ শ্রেণির (যেকোনো বোর্ডের) ছাত্র-ছাত্রীরা এই বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। যেকোনো বিদ্যালয়ের চারজন ছাত্র-ছাত্রীর টিম একজন শিক্ষক সহ এই প্রতিযোগিতায় কোন রেজিস্ট্রেশন ফি ছাড়াই নির্দিষ্ট ফরম পূরণ করতে পারবেন। স্ক্রিনিং এর পর প্রতিযোগিতায় অংশ নেওয়ার চূড়ান্ত আমন্ত্রণ জানানো হবে।

ছাত্র-ছাত্রীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে নেওয়া এই আয়োজনে সকলকে সক্রিয় সহযোগিতার অনুরোধ করেছেন অনুসন্ধান সোসাইটর সম্পাদক বিশিষ্ট শিক্ষক গৌরাঙ্গ সরখেল।

