জেলা 

এস আই আর মানি না স্লোগান তুলে বাদুড়িয়ায় বিক্ষোভ,পথ অবরোধ

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : এস আই আর এর বিরুদ্ধে এবার বিক্ষোভ আছড়ে পড়ল উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ায়। জানা গেছে বাদুড়িয়ার শিমুলতলা এলাকার ৬৯ নম্বর বুথে মোট ভোটারের সংখ্যা ৯০০। এর মধ্যে ৪৭৫ জনকে ডাকা হয়েছে এসআইআর শুনানিতে। আর তাতেই ক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী। রবিবার সকাল থেকে এস আই আর মানেনা স্লোগান নিয়ে এলাকার মানুষ রাস্তায় নেমে পড়ে। তাদের অভিযোগ এস আই আর এর নামে তাদেরকে হয়রানি করা হচ্ছে।

তারা জানিয়েছে, তথ্য ঠিক দেওয়া হয়েছে, গণনাপত্র ঠিক ভাবে পূরণ করেছেন। তার পরেও নানা কারণ দর্শিয়ে শুনানিতে ডাকা হচ্ছে। ৯০০ ভোটারের মধ্যে প্রায় অর্ধেক ভোটারের তথ্যে কী ভাবে গোলমাল হয়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। এ নিয়ে বিক্ষোভ দেখিয়ে রাস্তা অবরোধ করেন সকলে। টায়ার জ্বালিয়ে স্লোগান দেওয়া হয়। এক বিক্ষোভকারীর কথায়, ‘‘কাজকর্ম ছেড়ে যখন তখন কী ভাবে শুনানির জন্য লাইনে দাঁড়াব?’’

Advertisement

ইফাজ মণ্ডল নামে এক স্থানীয় বাসিন্দা জানান, তাঁর চেনাজেনা প্রায় প্রত্যেকে শুনানির নোটিস পেয়েছেন। তিনি বলেন, ‘‘সমস্যা এখানেই শেষ নয়, কাজকর্ম বাদ দিয়ে মানুষ শুনানিতে যাচ্ছেন। কিন্তু কাগজপত্র সব ফেরত দিয়ে বলা হচ্ছে আবার যেতে হবে। সাধারণ খেটে খাওয়া মানুষ কত বার যাবে? একদিন কাজ না করলে আমাদের সংসার চলে না। আর নির্বাচন কমিশন ইচ্ছাকৃত ভাবে খেটে খাওয়া মানুষদের হয়রানি করছে। আমরা আর এসআইআর মানি না।’’ ফিরোজ মণ্ডল নামে আর এক যুবক বলেন, ‘‘এসআইআরের নামে নির্বাচন কমিশনের সাধারণ মানুষকে হয়রানি করছে। নির্বাচন কমিশনের এই খামখেয়ালিতে কাজ বন্ধ করে দরজায় দরজায় ঘুরতে হবে! অবিলম্বে এই হয়রানি বন্ধ করতে হবে।’’

রবিবার প্রায় ২ ঘণ্টা অবরোধ চলার পর বাদুড়িয়া থানার পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে। তার পর অবরোধ ওঠে। ধীরে ধীরে যানজট কাটে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ