ফের অশান্ত হয়ে উঠলো মুর্শিদাবাদের বেলডাঙা!
বাংলার জনরব ডেস্ক : ফের অশান্ত হয়ে উঠলো মুর্শিদাবাদের বেলডাঙা। বিহারে জেলার আরও এক পরিযায়ী শ্রমিককে মারধর করার অভিযোগ তুলে শনিবার বেলডাঙার বড়ুয়া মোড় অবরোধ করেন কয়েকশো মানুষ। অবরুদ্ধ হয়ে পড়ে ১২ নম্বর জাতীয় সড়ক।
শনিবার সকালে বিক্ষোভকারীরা বেলডাঙা স্টেশন লাগোয়া রেলগেটেও ভাঙচুর চালান। ভেঙে ফেলা হয় স্টেশনের কাছে থাকা রেলের সিগন্যাল। এর ফলে শনিবারও সেখানে ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার (জিএম) মিলিন্দ কে দেউস্কর জানিয়েছেন, বেলডাঙার পরিস্থিতি সামাল দিতে সেখানে অতিরিক্ত বাহিনী (আরপিএফ, আরপিএসএফ) পাঠাচ্ছেন তাঁরা। নতুন করে উত্তেজনার খবর পেয়ে বেলডাঙায় মোতায়েন করা হয়েছে বিশাল সংখ্যক পুলিশও।

বেলডাঙায় অশান্তির সূত্রপাত হয় শুক্রবার সকালে। বেলডাঙার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা আলাউদ্দিন শেখ (৩০) ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করতেন। বৃহস্পতিবার সকালে গ্রামে তাঁর মৃত্যুর খবর এসে পৌঁছোয়। জানা যায়, ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। গ্রামবাসীদের দাবি, যুবককে পিটিয়ে খুন করার পর তাঁর দেহ ঘরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার ওই পরিযায়ী শ্রমিকের দেহ গ্রামে ফেরে। তার পরেই দোষীদের দ্রুত গ্রেফতারি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চেয়ে শুক্রবার পথে নামেন বিক্ষোভকারীরা।
গতকালের মতো এদিনেও সাংবাদিকরা আক্রান্ত হন। গতকাল শুক্রবার জি নিউজ-এর সাংবাদিক সোমা মাইতি সহ বেশ কয়েকজন সাংবাদিক আক্রান্ত হয়েছিলেন আজকে এবিপি আনন্দের সাংবাদিক আক্রান্ত হন। সাংবাদিক আক্রান্তের বিষয়টিকে বাংলার জনরব তীব্র নিন্দা জানাচ্ছে।

