বিএলও- র অস্বাভাবিক মৃত্যু মুকুন্দপুরে
কলকাতার পূর্ব যাদবপুর থানার অন্তর্গত মুকুন্দপুর এলাকার অহল্যা নগরে বৃহস্পতিবার সকালে এক বিএলও-র অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম অশোক দাস। পরিবার সূত্রে জানা গিয়েছে, সকালে স্নানঘরে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান বাড়ির লোকেরা। সঙ্গে সঙ্গে উদ্ধার করে ইএম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। তিনি বাড়িটি পরিদর্শন করেন এবং ঘটনার সময়ক্রম ও পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পুলিশ জানিয়েছে, প্রাথমিক ভাবে এটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা হিসেবে নথিভুক্ত করা হয়েছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। অশোক দক্ষিণ ২৪ পরগনার জয়নগর এলাকার বহড়ু হাইস্কুলের সহকারী শিক্ষক ছিলেন। পাশাপাশি, চলতি বছরের বাংলায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর কর্মসূচিতে তিনি বিএলও হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পূর্ব যাদবপুরের চিতকালিকাপুর এফপি স্কুলের ১১০ নম্বর বুথের বিএলও ছিলেন তিনি। নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নিয়মিত বিদ্যালয়ের পাঠদানও করতেন বলে সহকর্মীরা জানান।

পুলিশ সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের বক্তব্য নথিবদ্ধ করা হয়েছে এবং ঘরের ভেতরের পরিবেশ পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

