কলকাতা 

আইপ্যাক কাণ্ডে ইডির মামলার আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি! কার বেঞ্চে?

শেয়ার করুন

আইপ্যাক নিয়ে ইডি সুপ্রিম কোর্টে যে মামলাটি করেছে, বৃহস্পতিবারই তার শুনানি হবে।  কলকাতা হাই কোর্ট বুধবার এই মামলা শুনেছে। মামলাটির শুনানি আপাতত মুলতুবি রাখা হয়েছে।

বুধবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, আইপ্যাক-কাণ্ডে ইডির মামলার শুনানি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ। মামলাটি শুনবে শীর্ষ আদালতের বিচারপতি প্রশান্তকুমার মিশ্র এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চ। ইডি যে আইপ্যাক নিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারে, তা ভেবে আগেই এ নিয়ে রাজ্য সরকার ক্যাভিয়েট দাখিল করে রেখেছিল।

Advertisement

গত ৮ জানুয়ারি বেআইনি কয়লা পাচার মামলার তদন্তে কলকাতার দু’টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। সল্টলেক সেক্টর ফাইভে রাজ্য সরকার এবং তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর এবং লাউডন স্ট্রিটে সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে গিয়েছিল তারা। তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘটনাস্থলে যান এবং একাধিক নথিপত্র বার করে নিয়ে যান। এই ঘটনায় ইডি এবং তৃণমূল পৃথক ভাবে কলকাতা হাই কোর্টে মামলা করেছিল। ইডির বক্তব্য ছিল, সাংবিধানিক ক্ষমতায় অপব্যবহার করে মুখ্যমন্ত্রী নথি কেড়ে নিয়ে গিয়েছেন।

কলকাতা হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে বুধবার এই জোড়া মামলার শুনানি। ইডি জানায়, তল্লাশিতে তারা কোনও নথি বাজেয়াপ্ত করেনি। এর পর তৃণমূলের মামলাটির নিষ্পত্তি করে দেয় আদালত। তবে হাই কোর্টে মুলতুবি রাখা হয়েছে ইডির মামলা। যে হেতু, আইপ্যাক নিয়ে ইডি শীর্ষ আদালতে মামলা করেছে, তাই হাই কোর্ট তাদের মামলাটি মুলতুবি রেখেছে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ