ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রীকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবী জানালো চিন
বাংলার জনরব ডেস্ক: আমেরিকার হাতে বন্দি ভেনেজুয়েলা প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে অবিলম্বে ছেড়ে দেওয়ার বার্তা দিল চিন। রবিবার সকালে এই বিবৃতি দেওয়া হয়েছে চিনের পক্ষ থেকে।
চিনের বিদেশ মন্ত্রক রবিবার জানিয়েছে, জোর করে মাদুরো ও তাঁর স্ত্রীকে দেশ থেকে বার করে নিয়ে গিয়ে আন্তর্জাতিক আইন ভেঙেছে আমেরিকা। আন্তর্জাতিক সম্পর্কের সাধারণ নিয়ম, রাষ্ট্রপুঞ্জের সনদের উদ্দেশ্য এবং নীতির সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ নয়। এ নিয়ে বেজিং উদ্বেগে রয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেছেন, ‘‘প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমেরিকাকে। অবিলম্বে তাঁদের মুক্তি দিতে হবে। ভেনেজ়ুয়েলার সরকার ভেঙে দেওয়া চলবে না। আলোচনা এবং সমঝোতার মাধ্যমে সমস্যাগুলির সমাধান করতে হবে।’’

শনিবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজ়ুয়েলার আক্রমণ এবং মাদুরোর অপহরণের কথা ঘোষণা করেন। শোয়ার ঘর থেকে সস্ত্রীক প্রেসিডেন্টকে তুলে নিয়ে যায় মার্কিন বাহিনী। হেলিকপ্টারের মাধ্যমে প্রথমে তাঁদের নেওয়া হয় মার্কিন জাহাজে। তার পর সেখান থেকে সরাসরি নিয়ে যাওয়া হয় নিউ ইয়র্কে। রবিবার সকালে (ভারতীয় সময়) ব্রুকলিনের ডিটেনশন ক্যাম্পে মাদুরো ও তাঁর স্ত্রীকে বন্দি করে রেখেছে আমেরিকা। হোয়াইট হাউস থেকে সেই ফুটেজও প্রকাশ করা হয়েছে। বন্দি হওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় মাদুরো বলেছেন পাঁচটি শব্দ— ‘‘গুড নাইট। হ্যাপি নিউ ইয়ার।’’
মাদুরোর অপহরণের খবরে শনিবার রাতে প্রথম বার মুখ খুলেছিল চিন। একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে আমেরিকার এমন শক্তিপ্রয়োগ এবং দেশের প্রেসিডেন্টের বিরুদ্ধে পদক্ষেপের তীব্র নিন্দা করা হয়েছিল। মার্কিন পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেছিলেন, ‘‘আমেরিকার এমন আধিপত্যবাদ আন্তর্জাতিক আইন, ভেনেজ়ুয়েলার সার্বভৌমত্ব এবং লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান প্রদেশের নিরাপত্তা লঙ্ঘনকারী। চিন কঠোর ভাবে এর বিরোধিতা করছে। আমেরিকা আমেরিকার কাছে আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রপুঞ্জের সনদ মেনে চলার দাবি জানাচ্ছি। অন্য দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা লঙ্ঘন করা বন্ধ করো।’’

