জেলা 

প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য অনুদানের টাকা এখনো গোনা চলছে! কত টাকা অনুদান মিলেছে ?

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : মুর্শিদাবাদের ভরতপুরের বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বাবরি মসজিদ নির্মাণের পরিকল্পনা করার সেই আবেগ এখন বাংলার ঘরে ঘরে পৌঁছে গেছে। ওই প্রস্তাবিত মসজিদ নির্মাণের জন্য ইতি মধ্যে কোটি কোটি টাকা অনুদান জমা পড়েছে। বিশেষ যন্ত্র এনে দু’দিন ধরে চলছে টাকা গোনার কাজ। গণনা এখনও সম্পূর্ণ হয়নি। শেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, নগদ টাকার অঙ্ক এর মধ্যেই তিন কোটি ছাড়িয়ে গিয়েছে। অনেকে সোনার অলঙ্কারও দান করেছেন। সেগুলির বাজারমূল্য কম করে হলেও লাখ টাকার কাছাকাছি। ফলে সব মিলিয়ে অনুদানের অঙ্ক পাঁচ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে আশা করছে মসজিদের অছি পরিষদ।

গত ৬ ডিসেম্বর, অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের দিনে বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস করেন হুমায়ুন। এর পরেই ভরতপুরের বিধায়ককে বহিষ্কার করে তৃণমূল। সেই সভাস্থলে বহু মানুষ জড়ো হয়েছিলেন। ৪০ হাজার মানুষকে বিরিয়ানি খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল। সভাস্থলে ১১টি বড় অনুদানের বাক্স রেখেছিলেন হুমায়ুন। সেই থেকে অনুদান এসেই চলেছে। হুমায়ুনের দাবি, সকলে মুক্তহস্তে দান করছেন।

Advertisement

গোনাগুনির সব কাজ চলছে হুমায়ুনের বাড়িতেই। এ জন্য ৩০ জনকে নিযুক্ত করা হয়েছে। নগদ টাকার পাশাপাশি অনেকে নিজের সোনার গয়নাও দান করেছেন। সেগুলি পরিমাপের কাজ এখনও বাকি। এ ছাড়া, দূরদূরান্ত থেকে অনলাইনেও টাকা আসছে। কিউআর কোড স্ক্যান করেও অনুদান দিচ্ছেন ভক্তেরা। হুমায়ুনের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, অনুদানের টাকা ও গয়না সংরক্ষণের জন্য একটি আলাদা ঘরের ব্যবস্থা করা হবে। সেখানে সিসিটিভি-সহ সব রকম নিরাপত্তার ব্যবস্থা থাকবে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ