শিশুর বিকাশ-ই মূলমন্ত্র তাতহীর গ্লোরি স্কুল-এর সূচনাপর্বে বললেন দিব্যগোপাল ঘটক
বিশেষ প্রতিনিধি : উত্তর ২৪ পরগনার ইতিহাস প্রসিদ্ধ এলাকা নারিকেলবেড়িয়া গ্রামের কেওটশাতে রবিবার অনুষ্ঠিত হয়ে গেল গুণীজন সংবর্ধনা এবং শিক্ষা সেমিনার। আগামী দিনে এই গ্রামের মাটিকে আরো উর্বর করে তুলতে বাংলা মাধ্যমের একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান, তাতহীর গ্লোরি স্কুল-এর পরিকল্পনা মাথায় নিয়ে এদিনের এই শিক্ষা সেমিনারের আয়োজন। সেমিনারের মূল বিষয় ছিল শিক্ষার উদ্দেশ্য ও সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান গড়তে কোন কোন দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ দিনের অনুষ্ঠান শুরু করে বক্তারা তুলে ধরেন তাঁদের মূল্যবান কথাবার্তা। শিক্ষা হবে মানুষ গঠনের জন্য, নীতি-নৈতিকতায় সমৃদ্ধ ও সৃষ্টিকর্তার দেওয়া রহস্য উন্মোচনের লক্ষ্যে। শিক্ষার মূল উদ্দেশ্য ছাত্র-ছাত্রীর সর্বাঙ্গীণ বিকাশ। এতিম মানে কেবল পিতৃহীন নয়, বরং এতিম বা অনাথ হলো সে-ই, যার অন্তরে জ্ঞান নেই। শিক্ষাঙ্গন যেন সকলের জন্য অবারিত দ্বার হয়, শিশু শিক্ষায় মায়ের অবদান অনেকখানি, তাই তাঁদের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের সম্পর্ক আরো নিবিড় হওয়া প্রয়োজন। শিক্ষা জীবনকে গতিময় করে, এটা একটা আন্দোলন, তিতুমীরের এই মাটিতে শিক্ষার আন্দোলনকে সফল করে তুলতেই হবে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অবসরপ্রাপ্ত শিক্ষা আধিকারিক দিব্য গোপাল ঘটক, গণিতের বিশিষ্ট অধ্যাপক রবিউল ইসলাম, অনুসন্ধান সোসাইটির সম্পাদক ও শিক্ষক গৌরাঙ্গ সরখেল, প্রধান শিক্ষক জামিল মানোয়ার, বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউটের সম্পাদক শেখ আহসান আলী, মনির উদ্দিন আহমেদ, কাশেম রেজা, আব্দুল মজিদ, আশরাফুল আলম, আমির হোসেন, নায়ীমুল হক প্রমূখ। এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা হাবিব খান এবং সুন্দরভাবে সঞ্চালনার দায়িত্ব পালন করেন মাওলানা শাহজাহান আলী। অনুষ্ঠান শেষ হয় তাতহীর গ্লোরি স্কুল-এর সম্পাদক বিশিষ্ট সমাজসেবী মোক্তার আলীর ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে।

