বাবরি মসজিদ ধ্বংসের স্মরণে রাজ্য অফিসে ফ্যাসিবাদ-বিরোধী দিবস পালন করল এসডিপিআই
৬ ডিসেম্বর ২০২৫, কলকাতা: অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩তম বার্ষিকীতে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করল সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া (এসডিপিআই)। প্রতি বছরের মতো এবারও তারা পোস্টার ক্যাম্পেইন, সামাজিক মাধ্যম প্রচারাভিযান এবং জনসভাসহ নানা অনুষ্ঠান আয়োজন করেছে। এবারের উদ্যোগের কেন্দ্রীয় শিরোনাম ছিল “ফ্যাসিবাদ-বিরোধী দিবস”, যেখানে ৬ ডিসেম্বরকে আখ্যা দেওয়া হয়েছে “ঐতিহাসিক বিশ্বাসঘাতকতার ৩৩ বছর” হিসেবে।
এই কর্মসূচির অংশ হিসেবে এসডিপিআই-এর পশ্চিমবঙ্গ রাজ্য কার্যালয়ে গেট-টুগেদার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সহ-সভাপতি আব্দুল কাইউম খান, কোষাধ্যক্ষ মোঃ আফতাব আলম, রাজ্য কমিটির সদস্য মোঃ আসাদুল্লাহ, কলকাতা জেলা সভাপতি ডা. সাহিদ আনোয়ার, সাধারণ সম্পাদক আখতার হোসেন, দক্ষিণ ২৪ পরগণা জেলা সভাপতি সাহাজাদা মোল্লা, সাধারণ সম্পাদক মনিরুল মোল্লা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

আলোচনা সভায় আব্দুল কাইউম খান ফ্যাসিবাদের ইতিহাস ও বর্তমান প্রেক্ষাপটে তার প্রভাব নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। অন্যদিকে মোঃ আসাদুল্লাহ বাবরি মসজিদ ধ্বংসের পূর্ণাঙ্গ ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন,
“মন্দির ভেঙে বাবরি মসজিদ নির্মিত হয়েছে— এমন কোনও ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায়নি। তবুও শুধুমাত্র ‘আস্থা’-র ভিত্তিতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন। এই আঘাত শুধু একটি মসজিদের উপর নয়, বরং ভারতের সংবিধান ও গণতন্ত্রের উপর আঘাত। তাই ৬ ডিসেম্বরকে আমরা বিশ্বাসঘাতকতার দিবস হিসেবেই মনে রাখব।”

