দেশ 

এস আই আর পিছিয়ে দেওয়ার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে কেরল সরকার

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আগামী ডিসেম্বর মাসে কেরলে পুরসভা এবং পঞ্চায়েত নির্বাচন রয়েছে। শুরু হয়েছে তার প্রস্তুতি। এর মধ্যেই দক্ষিণের রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। দু’টি গুরুত্বপূর্ণ কাজ একসঙ্গে চলায় প্রশাসনিক জটিলতা বাড়ছে। এই অবস্থায় এসআইআর-এর কাজ পিছিয়ে দিতে সুপ্রিম কোর্টে আর্জি জানাল কেরল সরকার। সর্বোচ্চ আদালতের আবেদনে বাম সরকারের তরফে জানানো হয়েছে, অন্তত ভোটপর্ব মিটে যাওয়া পর্যন্ত এসআইআর পিছনো হোক।

আগামী ৯ এবং ১১ ডিসেম্বর পুর এবং পঞ্চায়েত ভোট কেরলে। ফল ঘোষণা ১২ ডিসেম্বর। রাজ্যের তরফে জানানো হয়েছে, নির্বাচন পরিচালনার জন্য ৬৮ হাজার নিরাপত্তাকর্মী ছাড়াও ১ লক্ষ ৭৬ হাজার কর্মী প্রয়োজন। অন্যদিকে এসআইআর-এর কাজ সামলাতে ২৫,৬৬৮ জন কর্মীর প্রয়োজন হচ্ছে। এই অবস্থায় প্রশাসনিক পরিস্থিতি সামলাতে নাজেহাল অবস্থা হচ্ছে। বর্তমান অবস্থার কথা জানিয়ে এসআইআর পিছিয়ে দিতে ৫ নভেম্বর মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠিও পাঠিয়েছিল বাম সরকার। যদিও সেই চিঠির উত্তর মেলেনি। এই অবস্থায় শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে তারা।

Advertisement

গতকালই কেরলে বুথ স্তরের এক আধিকারিকের (বিএলও) আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। অভিযোগ, অতিরিক্ত কাজের চাপে আত্মহত্যা করেছেন তিনি। এই ঘটনা সামনে আসার পরেই এসআইআরের কাজ বয়কটের ডাক দিয়েছেন রাজ্যের বিএলও-রা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ