ইডির হানায় কলকাতার এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা!
বাংলার জনরব ডেস্ক : পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে ফের শহরে হানা দিল এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট (ইডি)। উদ্ধার হল বিপুল অঙ্কের টাকা ও গয়না। বুধবার সকালে তারাতলায় এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে এখনও পর্যন্ত এক কোটিরও বেশি টাকা উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী দল।
বুধবার সকালে পুরনিয়োগ মামলার তদন্তে নেমে তারাতলায় এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। ইডি সূত্রে খবর, সেখান থেকে এখনও পর্যন্ত প্রায় এক কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। চলছে টাকা গোনার পর্ব। কী ভাবে এত নগদ টাকা ওই ব্যবসায়ীর বাড়িতে এল, ওই টাকার সঙ্গে পুরনিয়োগ দুর্নীতির কোনও যোগ রয়েছে কি না, সে সব খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এ ছাড়া, লেকটাউনে একই ব্যক্তির একটি গুদাম রয়েছে। সেখানেও অভিযানে গিয়েছে ইডি-র আর একটি দল। তল্লাশি চালিয়ে সেখান থেকে কয়েক কেজি সোনা উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে খবর।

প্রসঙ্গত, মঙ্গলবারও বেলেঘাটা-সহ কলকাতার বেশ কয়েকটি জায়গায় হানা দিয়েছিল ইডি। বেলেঘাটার হেমচন্দ্র নস্কর রোডের এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয়। সূত্রের খবর, সম্প্রতি এই পুরনিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে যুক্ত বেশ কয়েকটি কোম্পানির হদিস পেয়েছিল ইডি। সেই সূত্র ধরেই মঙ্গলবার বেলেঘাটা-সহ বিভিন্ন জায়গায় হানা দেয় তারা।

