দেশের অন্তত ১২টি রাজ্য কেন্দ্রীয় হারে সরকারি কর্মচারীদের ডিএ দেয় না সুপ্রিম কোর্টে হলফনামায় জানালো রাজ্য
দেশের অন্তত ১২টি রাজ্য কেন্দ্রীয় হারে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) দেয় না! সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্য জমা দিয়ে এমনই জানাল পশ্চিমবঙ্গ সরকার। কোন কোন রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেয় না, তার তালিকাও দিয়েছে তারা। উল্লেখ্য, রাজ্যের দেওয়া তালিকায় যে রাজ্যগুলির উল্লেখ রয়েছে তার মধ্যে অধিকাংশেই সরকারে বিজেপি রয়েছে।
গত ৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি শেষ হয়েছে। রায় ঘোষণা স্থগিত রেখেছে শীর্ষ আদালত। তবে কোনও পক্ষের কোনও বক্তব্য থাকলে, তা লিখিত আকারে জমা দিতে বলেছিল আদালত। সোমবার রাজ্য নিজেদের বক্তব্য জমা দিল। তাতে বেশ কয়েকটি প্রশ্ন তুলে ধরেছে তারা। দাবি করা হয়েছে, এ রাজ্যে সরকারি কর্মচারীদের ডিএ থেকে বঞ্চিত করা হয় না। তবে রাজ্যের সামর্থ্য অনুযায়ী ডিএ দেওয়া হয়।

রাজ্যের বক্তব্য, সংবিধানের অনুচ্ছেদ ৩০৯ অনুযায়ী প্রত্যেক রাজ্যের অধিকার রয়েছে নিজেদের কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণ করার। শুধু তা-ই নয়, কেন্দ্রীয় সরকার যে ডিএ নীতি নিয়েছে, তা অনুসরণ করতে বাধ্য নয় কোনও রাজ্য। সুপ্রিম কোর্ট আগেও তার পর্যবেক্ষণে সে কথা উল্লেখ করেছে।
সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে, ডিএ দেওয়া সংশ্লিষ্ট রাজ্যের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে। রাজ্যের আর্থিক সামর্থ্য, অগ্রাধিকার এবং কর্মচারীদের জন্য আগে থেকে দেওয়া অন্যান্য সুবিধা মিলিয়ে ডিএ নির্ধারিত হয়। ফলে তা কেন্দ্রের হারের সঙ্গে হুবহু মিলবে— এমন বাধ্যবাধকতা নেই। সরকারি কর্মচারীদের জন্য ডিএ কোনও মৌলিক অধিকার নয়। শুধু রাজ্যের বিজ্ঞপ্তি বা সার্ভিস রুলস যতটুকু অধিকার দেয়, ততটাই দাবি করা যায়।
এ ছাড়াও, ভারতের কোন রাজ্যে কত হারে ডিএ দেওয়া হয়, কারা কারা কেন্দ্রীয় হারে ডিএ দেয় না— সেই সবও শীর্ষ আদালতে জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানান, শুনানিতে আদালত জানতে চেয়েছিল কোন কোন রাজ্যে ভোক্তা মূল্য সূচক বা সিপিআই (কনজ়্যুমার প্রাইস ইনডেক্স) মেনে ডিএ দেওয়া হয় না। লিখিত বক্তব্যে সেটিরও উল্লেখ রয়েছে। দাবি, কেন্দ্রের ডিএ হার অনুসরণ করে না দেশের অন্তত ১২টি রাজ্য। উদাহরণ হিসাবে উল্লেখ করা হয়, কেরল, ছত্তীসগঢ়, হিমাচল প্রদেশ, কর্নাটক, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, তেলঙ্গানা এবং ত্রিপুরার নাম। ঘটনাচক্রে, এই তালিকায় থাকা রাজ্যগুলির মধ্যে কেরল এবং কর্নাটক ছাড়়া অন্য রাজ্যগুলি হয় বিজেপিশাসিত, নয়তো অন্য দলের সঙ্গে জোট সরকারে রয়েছে বিজেপি।
সুপ্রিম কোর্টে আরও জানানো হয়েছে, যে সব রাজ্যের ‘রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাওয়েন্স’ (আরওপিএ) নিয়মে ভোক্তা মূল্য সূচক বা সিপিআই (কনজ়্যুমার প্রাইস ইনডেক্স)-এর উল্লেখ রয়েছে, তাদের মধ্যেও ডিএ হারে বৈষম্য রয়েছে। এমন চারটি রাজ্য— ছত্তীসগঢ়, মেঘালয়, হিমাচল প্রদেশ এবং সিকিমের কথা উল্লেখ রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের জমা দেওয়া লিখিত বক্তব্যে।

