কলকাতা 

রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ-এর কৃতী ছাত্র ছাত্রীরা সংবর্ধিত হওয়ায় খুশির জোয়ার

শেয়ার করুন

নায়ীমুল হকের প্রতিবেদন: এই প্রথম রাজ্য সরকারের তরফে কৃতী ছাত্র সংবর্ধনায় মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক সংসদ ও অন্যান্য বোর্ডের পাশাপাশি রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের কৃতী ছাত্র-ছাত্রীদের নাম জুড়লো। বৃহস্পতিবার ৪সেপ্টেম্বর ধনধান্য প্রেক্ষাগৃহে রাজ্য সরকার আয়োজন করেছিল শিক্ষক দিবসের প্রাক্কালে বিশেষ অনুষ্ঠান। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৭৩ জনকে প্রদান করা হয় শিক্ষারত্ন। এর পাশাপাশি বিভিন্ন বোর্ডের ৩৮৭ জন কৃতী ছাত্র-ছাত্রীকে সংবর্ধিত করা হয়, বিশেষ সম্মাননা প্রদান করা হয় বাছাই করা ১৯ জনকে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, মাদ্রাসা এডুকেশন বোর্ড, উচ্চ মাধ্যমিক সংসদ এর পাশাপাশি এবারই প্রথম যুক্ত হয় মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিকে পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের কৃতী ছাত্র-ছাত্রীদের নাম। রাজ্যের সেরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা ব্যক্তিত্বদের সঙ্গে একই মঞ্চে থাকতে পেরে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বদের হাত থেকে উপহার গ্রহণ করে অত্যন্ত তৃপ্ত রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের কৃতীরা। মাধ্যমিক (ডিসেম্বর,২০২৪)– এর কৃতী সৌভাগ্য চ্যাটার্জি, চিরঞ্জীব চক্রবর্তী, শ্রাবণী আদক দে, সুমিত বাউরী; মাধ্যমিক (জুন, ২০২৫)– এর কৃতী স্বরূপ মন্ডল, জগত মন্ডল, উদয় মন্ডল, বনকান্ত মন্ডল এবং উচ্চ মাধ্যমিক ২০২৪–এর অনির্বাণ ভূঁইয়া, শ্রীমতী পায়েল মাইতি, শ্রীমতি ফাল্গুনী মাঝি প্রত্যেকেই এই সম্মাননা সভায় সামিল হতে পেরে নিজেদের অত্যন্ত সৌভাগ্যবান বলে মনে করছেন।

পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের সভাপতি ডঃ অমরেন্দ্র মহাপাত্র দৃশ্যত খুশি। তিনি জানালেন, ‘এই দিনটির জন্য অপেক্ষা করে আছি বহুদিন। একই সারিতে রাজ্যের অন্যান্য বোর্ডের কৃতীদের পাশে আমাদের কৃতীদের উজ্জ্বল মুখ দেখতে পেয়ে আমরা সকলেই আজ ভীষণ খুশি। বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে পড়তে আসে এরা, শিক্ষার মূল স্রোত থেকে প্রায় হারিয়ে যাওয়ার পরও যেভাবে লড়াই করে এরা নিজেদের যোগ্যতা প্রমাণ করছে তা সত্যিই অভিনন্দনযোগ্য। এটা শিক্ষক হিসেবে আমাদের নিকট অতি আনন্দের এবং গর্বের।’ সংসদ সভাপতি কৃতজ্ঞতা পেশ করেন মাননীয় মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও বিদ্যালয় শিক্ষা দপ্তরের সকল আধিকারিকদের প্রতি। তিনি বলেন, সকলের প্রচেষ্টাতেই আজ শিক্ষা সম্মাননা প্রদানে এদেরকে যুক্ত করা গেল। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, নিশ্চিতভাবে আগামী দিনে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা আরো এগিয়ে যাবে এবং রাজ্যের মুখ উজ্জ্বল করবে।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ