দেশ 

রাহুলের চাপেই জি এস টি সরলীকরণ করতে চলেছে কেন্দ্র লালকেল্লায় ঘোষণা প্রধানমন্ত্রীর

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : পণ্য ও পরিষেবা কর বা জিএসটি  সরলীকরণ করছে কেন্দ্রীয় সরকার। এ বছরের দীপাবলিতেই এই সংস্কার আসছে। রাহুল গান্ধী দীর্ঘদিন ধরে জিএসটি নিয়ে মোদি সরকারের সমালোচনা করে আসছিলেন। মনে করা হচ্ছে রাহুল গান্ধীর চাপের কাছে শেষ পর্যন্ত স্বীকার করতে চলেছেন নরেন্দ্র মোদি।

৭৯ তম স্বাধীনতা দিবসের সকালে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণে এই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরলীকৃত জিএসটি ব্যবস্থা নতুন প্রজন্মের জন্য এক ‘উপহার’ হতে চলেছে বলে জানান তিনি। এর ফলে দেশব্যাপী করের বোঝা কমবে বলেও জানান প্রধানমন্ত্রী।

Advertisement

জিএসটি ব্যবস্থায় সরলীকরণ আনার জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছে কেন্দ্র। জিএসটি পরিকাঠামোয় যে বদল আসতে পারে, সেই আভাস মিলেছিল গত জুলাইয়েই। এ বার লালকেল্লা থেকে প্রায় পৌনে দু’ঘণ্টার ভাষণ থেকে মোদী ঘোষণা করলেন, দীপাবলিতে জিএসটি পরিকাঠামোয় বদল আসছে। তিনি বলেন, “এ বারের দীপাবলি আমি আপনাদের জন্য দ্বিগুণ আনন্দের করে দিচ্ছি। এই দীপাবলিতে দেশবাসী একটি বড় উপহার পাবেন। আমরা নতুন প্রজন্মের জিএসটি সংস্কার আনছি। এর ফলে সারা দেশে করের বোঝা কমবে। দীপাবলির আগে এটিই হবে উপহার।”

লালকেল্লা থেকে এই নিয়ে টানা ১২ বার স্বাধীনতা দিবসের ভাষণ দিলেন মোদী। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ১১ বার লালকেল্লা থেকে ভাষণ দিয়েছিলেন। লালকেল্লা থেকে ভাষণের নিরিখে ইন্দিরাকে ছাপিয়ে দেশের প্রধানমন্ত্রীদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন মোদী। তাঁর আগে রয়েছেন শুধুমাত্র দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। শুক্রবার প্রধানমন্ত্রীর দীর্ঘ ভাষণে ভারত-পাকিস্তান উত্তেজনা, অপারেশন সিঁদুর থেকে শুরু করে জ্বালানিতে স্বনির্ভর হওয়ার লক্ষ্য এবং পরমাণু শক্তি বৃদ্ধি-সহ দেশের বিভিন্ন লক্ষ্যমাত্রার কথা উঠে এল। প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভর হওয়ারও বার্তা দেন তিনি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ