নিম্নচাপের জেরে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর
বাংলার জনরব ডেস্ক : নিম্নচাপের জেরে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতরের সকাল ১১টার বুলেটিন অনুযায়ী, বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপটি রাজ্যের সাগরদ্বীপ থেকে ১৫০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বরাবর পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরবে। তার পর উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হবে সেটি।
নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার রাত থেকে হালকা থেকে মাঝারি বর্ষণ হচ্ছে কলকাতা এবং লাগোয়া জেলাগুলিতে। শহরে দিনভর বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ফলে নিচু এলাকাগুলির কোথাও কোথাও জল জমেছে। ফলে ব্যাহত হয়েছে ট্রাফিক পরিষেবা। ট্রাফিক পুলিশ সূত্রে খবর, বিবি গাঙ্গুলি স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিট, ফিয়ার্স লেন, এমজি রোডের একাংশে এবং কলেজ স্ট্রিট বাটার কাছে জল জমে রয়েছে। ফলে এই অংশগুলিতে কিছুটা মন্থর গতিতে চলছে গাড়ি। মা উড়ালপুলেও কিছুটা ধীর গতিতে যান চলাচল করছে। দুপুরে হাডকো মোড়ে রাস্তার উপর একটি বড় গাছ ভেঙে পড়ে। সেই কারণেও ওখানে কিছু ক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়।

