গরমের সঙ্গে চলবে বৃষ্টি জানাল হাওয়া অফিস
বাংলার জনরব ডেস্ক : আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,প্রচন্ড গরম এবং বিক্ষিপ্ত বৃষ্টি আগামী কয়েক দিন ধরেই চলবে দক্ষিণবঙ্গে। ঘূর্ণাবর্তের প্রভাবে মাঝেমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণের কয়েকটি জেলায়। তবে তাতে গরম কমবে না। উল্টে বেশ কিছু জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। গরমে সাধারণ মানুষকে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। উত্তরের প্রায় সব জেলাতেই চলবে বিক্ষিপ্ত বৃষ্টি।
মঙ্গলবার ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা কলকাতা-সহ দক্ষিণের বেশ কয়েক জেলায়। অস্বস্তি বৃদ্ধি করেছে আর্দ্রতা। বুধবারও কলকাতা-সহ দক্ষিণের কিছু জেলায় এই অস্বস্তি বজায় থাকবে। দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে থাকবে অস্বস্তিকর গরম। তবে মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও জেলার সব জায়গায় বৃষ্টি হবে না। কিছু জায়গায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। বাকি জেলাতেও ঝড় হতে পারে।

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে জেলার সর্বত্র বৃষ্টি হবে না। কলকাতা, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। বাকি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে।
উত্তরবঙ্গের সব জেলায় বুধবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি (৭ সেন্টিমিটারের বেশি) হতে পারে। মালদহ, উত্তর দিনাজপুর, জলপাইগুড়িতে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়বৃষ্টি হতে পারে। এই চার জেলাতেই জারি কমলা সতর্কতা। দার্জিলিঙে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরের বাকি জেলাতেও জারি হলুদ সতর্কতা।

