কপিল সিব্বল, অভিষেক মনুসিংভি, রাজীব ধাওয়ানদের সওয়ালে ওয়াকফ আইন নিয়ে ব্যাকফুটে কেন্দ্র! শুনানি শেষ রায়দান কবে?
আজ বৃহস্পতিবার নিয়ে টানা তিন দিন ধরে সুপ্রিম কোর্টে শুনানি হয় সংশোধিত ওয়াকফ আইন সংক্রান্ত মামলার। মঙ্গলবার এবং বুধবার দীর্ঘ সময় ধরে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বিআর গবইয়ের বেঞ্চ মামলাটি শুনেছে। মঙ্গলবার মামলাকারী পক্ষের বক্তব্য শোনা হয়েছে। বুধবার আদালত শুনেছে কেন্দ্রীয় সরকারের বক্তব্য। মামলাকারী আইনজীবীদের বেশ কিছু বক্তব্যের বিরোধিতাও উঠে এসেছে সলিসিটর জেনারেলের সওয়ালে। বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ এই মামলা শুনানি শুরু হতেই প্রধান বিচারপতি জানিয়ে দেন এই বিল প্রকৃত অর্থে স্থগিতাদেশ হবে কি হবে না সেটা নিয়েই বিচার করা হবে।
প্রধান বিচারপতির মুখে এই কথ শুনে সঙ্গে সঙ্গে আপত্তি জানান সলিসিটর জেনারেল তুষার মেহতা।তাঁর বক্তব্য, কেউ কোনও প্রস্তাব উত্থাপন করতেই পারেন। সেটি নিয়ে আলোচনা করা যেতে পারে বলে এই নয় যে শুধু সেই কারণের জন্য আইনসভায় পাশ হওয়া একটি আইনের উপর স্থগিতাদেশ দেওয়া যায়।

মামলাকারী পক্ষের অন্যতম অভিযোগ হল, সংশোধিত আইনের মাধ্যমে অমুসলিমদের ওয়াকফ তৈরির অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। যদিও মেহতার বক্তব্য, ১৯২৩ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত যে কোনও মুসলিম ওয়াকফ তৈরি করতে পারতেন। ২০১৩ সালের আইনে ‘মুসলিম’ শব্দটি বদলে ‘যে কোনও ব্যক্তি’ যুক্ত করা হয়েছে। সলিসিটর জেনারেল আদালতে জানান, যদি কোনও হিন্দু সত্যিই ওয়াকফের জন্য সম্পত্তি দিতে চান, তিনি কোনও ট্রাস্ট তৈরি করতে পারেন। সেবামূলক পদক্ষেপ হিসাবে মসজিদ তৈরি করতে পারেন। যদি কোনও হিন্দু মসজিদ তৈরি করতে চান, তবে ওয়াকফ তৈরির কী দরকার? তিনি তো ট্রাস্ট তৈরি করেই সেটি করতে পারেন।
ওয়াকফ তৈরি এবং ওয়াকফে দান এক বিষয় নয়: কেন্দ্র
সলিসিটর জেনারেলের বক্তব্য, ওয়াকফ তৈরি করা এবং ওয়াকফে সম্পত্তি দান করা ভিন্ন বিষয়। তিনি বলেন, “সেই কারণে মুসলিমদের জন্য পাঁচ বছরের ধর্মপালনের কথা বলা হয়েছে। যাতে কাউকে প্রতারিত করতে ওয়াকফের ব্যবহার না-হয়। ধরে নেওয়া যাক, আমি হিন্দু হিসাবে ওয়াকফের জন্য কিছু দান করতে চাই, সেটি করাই যেতে পারে।” তিনি আরও বলেন, “একজন অমুসলিম কী ভাবে ওয়াকফ তৈরি করতে পারেন? তিনি চাইলে ওয়াকফকে সম্পত্তি দান করতে পারেন।
আইনটি কেন স্থগিত রাখার যোগ্য, তা আদালতকে বোঝাতে হবে: প্রধান বিচারপতি
তৃতীয় দিনের শুনানির দ্বিতীয় ভাগে মামলাকারী পক্ষের বক্তব্য শোনা শুরু করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপিত গবই দ্বিতীয়ার্ধের শুনানির শুরুতেই মামলাকারী পক্ষকে জানিয়ে দিয়েছেন, “আপনাদের এই বিষয়টি আদালতকে সন্তুষ্ট করতে হবে যে, আইনটি এতটাই (স্বেচ্ছাচারী) যে সেটিকে স্থগিত রাখা উচিত।”
‘ভুল মন্তব্য করেছিলাম’! আদালতে মানলেন সলিসিটর জেনারেল
ওয়াকফ মামলায় সওয়ালের একটি পর্যায়ে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, বুধবারের সওয়ালে তিনি একটি ভুল মন্তব্য করেছিলেন। বুধবার মেহতা জানিয়েছিলেন, ওয়াকফ বোর্ডের ভূমিকা ধর্মনিরপেক্ষ। সেই প্রসঙ্গেই ওয়াকফের সঙ্গে হিন্দুদের দানের সম্পত্তির ফারাক বোঝাতে গিয়ে তিনি বলেছিলেন, “হিন্দুদের দান সংক্রান্ত বোর্ড শুধুমাত্র ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত। তবে ওয়াকফের সম্পত্তি বিভিন্ন ধর্মনিরেপক্ষ কাজেও ব্যবহার হয়।” ওই মন্তব্য যে ভুল ছিল, তা বৃহস্পতিবার আদালতে মেনে নেন মেহতা। সলিসিটর জেনারেল বলেন, “আমি গতকাল একটি ভুল মন্তব্য করেছিলাম। হিন্দুদের দান সংক্রান্ত বোর্ডগুলি ধর্মীয় এবং সেবামূলক উভয় কাজই করে। আমি বলেছিলাম, শুধু ধর্মীয় কাজ।”
মামলাকারী পক্ষের আইনজীবী কপিল সিব্বল আদালতে সওয়াল করেন, “একটি সম্পত্তি সরকারি সম্পত্তি কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন একজন কালেক্টর। তার পরে বলা হচ্ছে, সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত সম্পত্তিটি ওয়াকফ হিসাবে গণ্য হবে না। কোন আইন অনুসারে এটি প্রমাণ করা যেতে পারে?”
ওয়াকফ ঈশ্বরের প্রতি উৎসর্গ, বক্তব্য সিব্বলের
সিব্বলের বক্তব্য, ওয়াকফ হল ঈশ্বরের প্রতি উৎসর্গ করা সম্পত্তি। সে কথা শুনে প্রধান বিচারপতি জানান, অন্য ধর্মের ক্ষেত্রেও একই ধরনের (দানমূলক) আইন রয়েছে। তাতে সিব্বল জানান, “অন্য (আইনের) ক্ষেত্রে তা সম্প্রদায়ের প্রতি দান। এ ক্ষেত্রে ঈশ্বরের প্রতি দান। এক বার দান করা হলে সেটি আর ফেরত নেওয়া যায় না।”
ওয়াকফ অপরিহার্য এবং অবিচ্ছেদ্য: রাজিব ধাওয়ান
মামলাকারী পক্ষের অন্যতম আইনজীবী রাজীব ধাওয়ান জানান, ওয়াকফ যে অপরিহার্য এবং অবিচ্ছেদ্য, তা প্রতিষ্ঠিত। এটি দানের অংশ, যা ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের অন্যতম।
সমীক্ষা দেশের মাত্র ৯ শতাংশ অঞ্চলে: সিঙ্ঘভি
সলিসিটর জেনারেল এর আগে যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট নিয়ে মন্তব্য করেছিলেন। সেই প্রসঙ্গে মামলাকারী পক্ষের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি জানান, মেহতার বক্তব্য অনুসারে ২৮টি রাজ্যের মধ্যে পাঁচটিতে এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে চারটিতে সমীক্ষা হয়েছে। এই পরিসংখ্যান দেশের মাত্র ৯ শতাংশ অঞ্চলের বলে দাবি সিঙ্ঘভির।
ওয়াকফের অর্থ ব্যাখ্যা আইনজীবী এ এম দার
মামলাকারী পক্ষের আইনজীবী এএম দারের বক্তব্য, ওয়াকফ শব্দটি এসেছে আরবি শব্দ ‘ওয়াকাফা’ থেকে, যাঁর অর্থ বন্ধন। তাঁর কথায়, কোনও ব্যক্তি যত বেশি ওয়াকফে সম্পত্তি দেন, তত বেশি ঈশ্বরের কাছাকাছি পৌঁছে যান।
সংশোধিত ওয়াকফ আইন সংবিধানের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ : হুজেফা আহমদিও
মামলাকারীদের পক্ষে আইনজীবী হুজেফা আহমদীও আইনের বিভিন্ন দিক তুলে ধরে প্রধান বিচারপতির কাছে বলেন এগুলো সবই ভারতের সংবিধানে সংখ্যালঘুদের চেয়ে অধিকার সুনিশ্চিত করা হয়েছে সেগুলোকে কেড়ে নেয়া হয়েছে।।
সময় শেষ হয়ে যাওয়ার পর প্রধান বিচারপতি কার্যত এজলাসে ছেড়ে উঠে যান। তিনি যাওয়ার সময় বলে যান আমরা সব পক্ষের বক্তব্য শুনে নিয়েছি এবার রায়দান আপাতত স্থগিত রাখছি পরে জানানো হবে।
মূলত বৃহস্পতি বার ছিল প্রখ্যাত আইনজীবী ও রাজ্যসভার সাংসদ কপিল সিব্বলের কাছে ভালো দিন। এদিন সকালেই তামিলনাড়ু সরকারের একটি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টর কে রীতিমতো প্রধান বিচারপতির ধমক খেতে হয়েছে এবং তদন্ত বন্ধ করে দিতে হয়েছে। আর সংশোধিত ওয়াকফ আইনের মামলায় আজ যেভাবে কপিল সিম্বল অভিষেক মনুসিংভি আইনজীবী রাজীব ধাওয়ান এবং হাফেজা আহমদীও সওয়াল করেছেন তাতে প্রধান বিচারপতি যে অনেকটাই সন্তুষ্ট তা বডি ল্যাঙ্গুয়েজ প্রকাশ করেছে। অন্যদিকে এই চার মহারথীর আইনি যুক্তির কাছে অনেকটাই অসহায় লাগছিল সরকারি আইনজীবী তুষার মেহতা কে। এই মামলার শুনানি শেষ এবার রায়দান বাকি মামলাকারীর আইনজীবীরা সব রকম ভাবে চেষ্টা করেছেন এই আইনকে সংবিধান বিরোধী প্রমাণ করতে। তা কতটা গ্রহণযোগ্য হয়েছে মামলার রায় এলেই পরিষ্কার হবে।।

