“হয় বন্দিদের ছাড়ো, না হলে মরো”হামাসকে হুঁশিয়ারি ট্রাম্পের
বাংলার জনরব ডেস্ক : এবার হামাসকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন “হয় বন্দিদের ছাড়ো, না হলে মরো।” পাশাপাশি পণবন্দিদের দ্রুত মুক্তি না দিলে গাজায় ‘ধ্বংসলীলা’ চালানোরও হুঙ্কার দিয়েছেন তিনি।
এই মুহূর্তে যুদ্ধবিরতি চলছে গাজায়। হামাসের ডেরা থেকে মুক্তি পাচ্ছে ইজরায়েলের বন্দিরা। সেই তালিকায় রয়েছে অন্যান্য দেশের নাগরিকরাও। বদলে তেল আভিভ জেলবন্দি প্যালেস্তিনীয়দের ছেড়ে দিচ্ছে। জানা গিয়েছে, জেহাদিদের হাত বেঁচে আসা বন্দিদের সঙ্গে দেখা করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপরই তিনি নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে প্যালেস্টাইনের জঙ্গি সংগঠনটিকে চরম হুঁশিয়ারি দিয়ে লেখেন, ‘আর দেরি নয়। এখনই সমস্ত বন্দিদের ছেড়ে দাও। যাঁদের তোমরা মেরে ফেলেছ তাঁদের দেহও দ্রুত ফেরত দাও। আর নাহলে ফল ভোগ করার জন্য তৈরি থাকো। এবার সব কিছু তোমাদের উপর। এটাই তোমাদের শেষ সুযোগ। এখনই গাজা ছেড়ে চলে যাও।’ এছাড়া এর পরিণতি যে গাজার জন্যও ভয়ংকর হবে সেকথাও সাফ জানিয়ে দিয়েছেন ট্রাম্প।

এদিকে, শোনা যাচ্ছে, গত কয়েক সপ্তাহ ধরেই দোহায় মার্কিন পণবন্দিদের মুক্তি নিয়ে আলোচনা হচ্ছে হামাস ও ইজরায়েলের মধ্যে। কিন্তু গোটা বিষয়টি নিয়ে সেভাবে কোনও তথ্য ছিল না আমেরিকার ‘বন্ধু’ ইজরায়েলের কাছে! ১৯৯৭ সালে হামাসকে জঙ্গি গোষ্ঠী হিসাবে চিহ্নিত করে আমেরিকা। তার আগে বা পরে কখনই হামাসের সঙ্গে এক টেবিলে আলোচনা করতে বসেনি মার্কিন প্রশাসন। এই প্রথমবার হামাসকে আক্রমণ না করে তাদের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনার পথে হাঁটল আমেরিকা।

