কলকাতা 

মহিলা সাংবাদিক হেনস্তার তদন্তে বরাহনগর থানা, দলীয় স্তরে তদন্তের নির্দেশ আরো বিপাকে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : সিপিএম নেতা তথা প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে মহিলা সাংবাদিককে হেনস্তার অভিযোগের তদন্ত শুরু করেছে বরাহনগর থানা। একই সঙ্গে সিপিএম দল অ অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। এই তদন্ত করবেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মহিলা নেত্রী অঞ্জু কর। অভিযোগ ওঠার পরেই সিপিএম নেতৃত্ব তনময় ভট্টাচার্যকে সাসপেন্ড করেছে এবং দলীয়ভাবে তদন্তের নির্দেশ দিয়েছে।

স্বাভাবিকভাবে দলীয় তদন্ত করবে দলের আইসিসি কমিটি। বিগত রাজ্য সম্মেলনের পরে মহিলাদের নিয়ে নানা বিতর্কের সমাধান করার জন্য দলীয় স্তরে এই কমিটি গঠিত হয়েছিল। এই কমিটির প্রধান রয়েছেন বর্ধমানের মহিলা নেত্রী অঞ্জু কর এছাড়া আছেন রেখা গোস্বামী আভাস রায় চৌধুরী এবং সুমিত দে।

Advertisement

রবিবার দুপুরে এক মহিলা সাংবাদিক ফেসবুকে ‘লাইভ’ করে তন্ময়ের বিরুদ্ধে তাঁকে হেনস্থার অভিযোগ করেন। তার পরেই সিপিএম প্রাথমিক প্রতিক্রিয়ায় বুঝিয়ে দিয়‌েছিল, বিষয়টি নিয়ে তারা পদক্ষেপ করবে। সন্ধ্যায় বারুইপুরে সিপিএমের দক্ষিণ ২৪ পরগনা জেলা দফতর থেকে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়ে দিয়েছিলেন, তন্ময়কে সাসপেন্ড করা হচ্ছে। রাতে সেই সংক্রান্ত বিবৃতিও জারি করে দেয় আলিমুদ্দিন স্ট্রিট।

সেলিম রবিবারই জানিয়েছিলেন, তন্ময়ের বিষয়ে তদন্ত শেষ করার জন্য আইসিসি-কে সময় বেঁধে দেওয়া হবে। কত দিনে শেষ করতে হবে তদন্ত? সিপিএম সূত্রে খবর, বুধবার রাজ্য সম্পাদকমণ্ডলী বৈঠকে বসবে। সেখানেই এই সময়সীমা এবং আইসিসি-তে বাইরে থেকে আরও কাউকে যুক্ত করা যায় কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হওয়ার কথা। উল্লেখ্য, ওই মহিলা সাংবাদিক সিপিএমের কাছে কোনও অভিযোগ করেননি। তাঁর ফেসবুক লাইভ ঘিরে ঘরে-বাইরে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছিল, তার ভিত্তিতেই তন্ময়কে সাসপেন্ড করেছে দল।

দলের কাছে অভিযোগ হলে এক ধরনের বিষয় হয়। কিন্তু এ ক্ষেত্রে তা হয়নি। অভিযোগকারিণীও সিপিএমের কেউ নন। তবে সিপিএম ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, তন্ময়ের বিরুদ্ধে অভিযোগ ‘গুরুতর’। সিপিএম সূত্রে খবর, ওই সাংবাদিককে বার্তা দেওয়া হবে, তিনি যাতে তাঁর অভিযোগ আইসিসি-কেও জানান। তবে তিনি শেষ পর্যন্ত দলীয় পরিসরে নিজের মতামত জানাবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে সিপিএম নেতৃত্বের অনেকের। সিপিএম সূত্রে খবর, পরিকল্পনা করা হচ্ছে আরও কিছু মহিলা সাংবাদিকের সাক্ষ্যগ্রহণ করার। তাঁদের সঙ্গে তন্ময় কী ধরনের আচরণ করতেন, ইয়ার্কির নামে তা মাত্রা ছাড়াত কি না, সে বিষয়েও জানতে চায় সিপিএম। সব মিলিয়েই তন্ময়ের বিষয়ে সিদ্ধান্ত নিতে চায় দল।

প্রসঙ্গত, সিপিএমের সম্মেলন প্রক্রিয়া শুরু হয়েছে। সেই সম্মেলনের প্রাক্কালে গোটা ঘটনা নিয়ে অনেকে ‘অভিসন্ধি’রও অভিযোগ তুলছেন। এমনকি, তন্ময়ও ঘনিষ্ঠ মহলে বলেছেন, তিনি মনে করেন সম্মেলনের আগে তাঁকে ‘ফাঁসানো’ হচ্ছে। যদিও সিপিএম অভিযোগকে ‘লঘু’ করে দেখতে চায় না। ফলে বুধবারেই সিপিএম ঠিক করে দিতে চায়, কত দিনে তন্ময়ের বিরুদ্ধে তদন্ত শেষ করতে হবে আইসিসি-কে। আলিমুদ্দিন এ নিয়ে কোনও বিলম্ব চায় না বলেই জানাচ্ছেন রাজ্য সম্পাদকমণ্ডলীর একাধিক নেতা।

তথ্যসূত্র ডিজিটাল আনন্দবাজার


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ