তিস্তার জল কিছুতেই দেওয়া হবে না বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী!
বাংলার জনরব ডেস্ক : তিস্তার জল কিছুতেই বাংলাদেশকে দেয়া হবে না এ ব্যাপারে আজ বিধানসভায় স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ বিধানসভায় বক্তব্য রাখছিলেন সেখানে তিনি বলেন,“বাংলা নদীমাতৃক দেশ। নেপাল, ভুটান, বাংলাদেশ সীমান্ত রয়েছে। তাদের সবটাই আমাদের সঙ্গে। তাদের জল আমাদের মধ্যে এসে পড়ে। নৌকোর মতো আমাদের দুর্ভোগ পোহাতে হয়। বিধানসভার একটা প্রতিনিধি দল সেচ মন্ত্রকের সঙ্গে দেখা করে আসুন। আমি নিজে বলে এসেছি। দিল্লি থেকে ১৬০টা দল পাঠিয়েছে। অথচ ১০০ দিনের কাজে টাকা দেয়নি। মানস ভুঁইয়ার নেতৃত্বে আগে দল গিয়েছিল। আবার একটা দল যাক।”
শোভনদেব চট্টোপাধ্যায়কে এই প্রস্তাবের কপি কেন্দ্রীয় মন্ত্রকের কাছে পাঠানোর নির্দেশ দেন মমতা। বন্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা। তিনি বলেন, “আমি মনে করি বাংলা, বিশেষ করে অন্যান্য রাজ্যের তুলনায় ৪৩ শতাংশ বন্যার কবলে চলে যায়। এটা যেন রুটিন হয়ে গিয়েছে। উত্তরবঙ্গ প্রত্যেকবার সহ্য করে নিচ্ছে। ১৫ বছর ধরে কেন্দ্র বাংলার শেয়ার নেয়। কিন্তু তাকিয়ে দেখে না। বাঁকুড়া, নদিয়া, হুগলি জলে ভেসে যায়। এটা কেন্দ্রের বিষয়ে। তাদের দেখা উচিত। আর বিজেপি আসার পর থেকে এরা সব বন্ধ করে দিয়েছে। ডিভিসি কোনওদিন বলে না জল ছাড়ার আগে। আমি বহুবার লিখেছি। নীতি অযোগে এবার বলে এসেছি। আগেও বাংলাদেশের সঙ্গে ফরাক্কা, তিস্তার ব্যাপারে অনেক চিঠি দিয়েছি। আমার চিঠিগুলো জমা করলাম। এবারও আমরা টাকা পাইনি। আমাদের প্রতিবেশীরা পেয়েছেন। আমার আপত্তি নেই। কিন্তু বাংলা কেন বঞ্চিত আমি জানতে চাই।”


