সাড়ম্বড়ে উদযাপিত তিলক পাঠাগারের শতবর্ষ
সংবাদদাতা বাংলার জনরব : গত ২০-২৫ ডিসেম্বর ২০২৩ হুগলী জেলার ভান্ডারহাটী তিলক সাধারণ পাঠাগারের শতবর্ষ উদযাপিত হলো পাঠাগার সংলগ্ন মাঠে ও নব নির্মিত মঞ্চে। পাঠাগার কর্তৃপক্ষ এবং পাঠাগার অনুরাগী স্থানীয় মানুষের উদ্যোগে পাঁচ দিনব্যাপী আয়োজিত বিবিধ অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাড়ম্বরে উদযাপিত হয় শতবর্ষ। ১৯২৩ সালে প্রতিষ্ঠিত হওয়া সরকার অনুমোদিত এই পাঠাগারের শতবর্ষ উদযাপনের শুভ সূচনা হয় ২০ ডিসেম্বর বর্ণাঢ্য প্রভাত ফেরী ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। একগুচ্ছ অনুষ্ঠানের মধ্যে ছিল খাদ্য হস্তশিল্প মেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ক্যারেটে ও জুডো প্রর্দশনী, আদিবাসী নৃত্য, নৃত্য নাটিকা, আলোচনাসভা, একাঙ্ক নাটক, গ্রন্থ প্রকাশ ও গুণীজন সংবর্ধনা।

২১ ডিসেম্বর অনুষ্ঠিত হয় ‘বই ও আজকের পাঠক’ বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনাসভা। যাতে আলোচক হিসেবে হিসেবে অংশ নিয়েছিলেন গ্রন্থাগারিক ড. সোমনাথ ব্যনার্জী ও বিশিষ্ট ঔপন্যাসিক জারিফুল হক। এদিন গৌতম হালদার ও শোভা কর পরিচালিত একটি যোগব্যায়াম প্রদর্শিত হয়। চন্দননগর লাইব্রেরি লাভার্স দ্বারা পরিবেশিত হয় শ্রুতি নাটক ‘রিমোট কন্ট্রোল’। হুগলীর মিউজিক একাডেমির শিল্পী চৌধুরীর পরিচালনায় পরিবেশিত হয় নৃত্যনাট্য ‘চন্ডালিকা’।
পাঁচদিনের অনুষ্ঠানের মধ্যে ২২ ডিসেম্বর আয়োজিত আলোচনাসভা, স্বরচিত কবিতা পাঠ, গ্রন্থ প্রকাশ ও গুণীজন সংবর্ধনার অনুষ্ঠানাদি ছিল উপস্থিত দর্শক শ্রোতাদের এক অতিরিক্ত বৌদ্ধিক পরিতৃপ্তি সহায়ক। এদিন হুগলী জেলার কয়েকজন কবি সাহিত্যিক, সমাজসেবীর পাশাপাশি উদ্যোক্তাদের তরফে বিশেষভাবে সমাদর জানানো হয় বাংলাদেশের যশস্বী কথা সাহিত্যিক ড. নাজীব ওয়াদুদকে। সম্মানিত হন কলকাতার বিশিষ্ট সাহিত্যিক সেখ আব্দুল মান্নান।

জেলার কবি সাহিত্যিকদের সম্মানিত হন বিশিষ্ট সাংবাদিক নাট্যব্যক্তিত্ব নৌশাদ মল্লিক, স্বপন কুমার হালদার,অমিয়া বন্দ্যোপাধ্যায়, জারিফুল হক, বিজন গঙ্গোপাধ্যায়, কাশীনাথ মোদক, রণজিৎ হালদার, সনাতন কর, বন্দনা মালিক, করুণাময় বিশ্বাস, তারাপদ ধল, মহম্মদ মহসীন, শেখ সিরাজ, গৌতম হালদার, অরূপ বন্দ্যোপাধ্যায়, পার্থ পাল, শুভ্রা ঘোষ দে, দয়াল হরি ভর, তরুণ কুমার দত্ত, শৈলেন্দ্র নাথ ব্যনার্জী, সিদ্ধার্থ মিত্র প্রমুখ।
উল্লেখ্য এদিন লেখিকা শুভ্রা ঘোষ দে সম্পাদিত প্রয়াত স্বনামধন্য শিশু সাহিত্যিক সলিল মিত্রর বিভিন্ন ধারার ১৩ টি গল্প সম্বলিত ‘সলিল মিত্রর সমগ্র’ শিরোনামে নামে নান্দনিক প্রচ্ছদের একটি গ্রন্থের আবোঢ়ন উন্মোচিত হয়। সমবেতভাবে উন্মোচন করেন মঞ্চাসীন গুণীজনেরা।

