দক্ষিণ কলকাতার পাটুলিতে মানবাধিকার দিবস পালন
নায়ীমুল হক : প্রতি বছর ১০ ডিসেম্বর পালিত হয় মানবাধিকার দিবস। ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। অবশ্য মানবাধিকার দিবসের আনুষ্ঠানিক সূচনা হয় ১৯৫০ সালে। সমস্ত রাজ্য এবং আগ্রহী সংস্থাগুলিকে প্রতি বছরের ১০ ডিসেম্বরকে মানবাধিকার দিবস হিসাবে গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়।

প্রতি বছরের ন্যায় এবছর-ও ১০ ডিসেম্বর রাজ্যের বিভিন্ন স্থানে সাড়ম্বরে পালিত হয়েছে মানবাধিকার দিবস। দক্ষিণ কলকাতার পাটুলিতে রাজ্য মানবাধিকার সংগঠন, দ ২৪ পরগণা জেলা নেতৃত্বের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক মহতী আলোচনা সভা। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি সুব্রত মন্ডল, প্রতিষ্ঠাতা বিমল ঘোয, সহ সভাপতি দেবদত্ত ঘোষ, কোলকাতা কর্পোরেশনের ১১০ নং ওয়ার্ডের কাউন্সিলর স্বরাজ মন্ডল, চেয়ারম্যান দেবারতি গাঙ্গুলী ঘোষ, সম্মানীয় শিক্ষক জহর লাল নাইয়া, বিশিষ্ট সমাজসেবী চন্দন দত্ত বনিক, রবিকান্ত প্রামাণিক সহ বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিবর্গ।

এই অনুষ্ঠানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার রক্ষা বিষয়ে সঙ্ঘবদ্ধ হবার আহ্বান জানান সকল বক্তা। সমাজের সমস্ত নারী পুরুষ বিশেষ করে অবহেলিত, অত্যাচারিত ও নিপীড়িত মানুষের অধিকার রক্ষা করতে সবাই বদ্ধপরিকর হন।

