বাদুড়িয়ায় মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের নিয়ে তাতহির ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর সফল কর্মশালা
নিজস্ব প্রতিবেদন :ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি শিক্ষা শিবিরকে কেন্দ্র করে কোনো এলাকার যুবকদের মধ্যে এত উৎসাহ-উদ্দীপনা আজও দেখতে পাওয়া যায়, তা সম্ভবত অনেকেরই ছিল ধারণার অতীত। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার সন্নিয়া গ্রামে রবিবার আসন্ন মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে ছিল সারাদিনের এক শিক্ষা শিবির। কলকাতা থেকে বরিষ্ঠ শিক্ষক-শিক্ষিকারা অংশ নিয়েছিলেন এই শিবিরে। তাঁরা একান্ত আপন করে নিলেন ছাত্র-ছাত্রীদের এবং অভিভাবক অভিভাবিকাদের। সম্ভবত যুবকদের সঙ্গে সঙ্গে প্রায় ৮০ বছরের বৃদ্ধার উপস্থিতি দেখে তাঁরাও খানিক বিহ্বল হয়ে পড়েছিলেন। সত্যিই তো, এদিনের সারাদিন ধরে যে কর্মসূচি দেখা গেল, তা বিশাল এক কর্মযজ্ঞ বললে কোনো ভুল হবে না। সুন্দর এই আয়োজনের ব্যবস্থাপনা করা হয়েছিল তাতহির ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে। শিক্ষা উৎকর্ষতায় সহযোগিতা দানে তাদের এই মহতি উদ্যোগে হাত বাড়িয়ে দিয়েছিল অনুসন্ধান কলকাতা।
এদিন রবিবারের সকাল শুরু হয়েছিল বিশিষ্ট আলেম-এ-দ্বীন মাওলানা হাবিব খানের ঐশী-পাঠ দিয়ে। সেরা ছাত্র হও কিন্তু মনে রাখতে হবে নীতি-নৈতিকতা আচার ব্যবহারেও হতে হবে এক্কেবারে প্রথম, এদিন এই ছিল তাঁর আহ্বান।

লেখাপড়ার প্রত্যক্ষ কার্যক্রম এদিন শুরু হয় চল্লিশ মিনিটে সাতটি বিষয়ের এম সি কিউ পরীক্ষার মাধ্যমে। দশটি বিদ্যালয়ের ৯৬ জন ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। এবারের মাধ্যমিক পরীক্ষার বিশেষ প্রস্তুতির দিকে তাকিয়ে এই প্রশ্নপত্র তৈরি করা হয়েছিল। এর দায়িত্বে ছিলেন একদল অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা।

পরীক্ষার পর একে একে শুরু হয় বিজ্ঞানের তিনটি বিষয়ের উপর মাধ্যমিকে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ছাত্র-ছাত্রীদের সঙ্গে পারস্পরিক আলোচনার ভিত্তিতে কর্মশালার মূল পর্ব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পর্বে প্রশ্নপত্রের পরিকাঠামো, সেরা নম্বর তুলে আনার কৌশল, টাইম ম্যানেজমেন্ট করবে কীভাবে ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর আলোচনায় অংশ নেন অভিজ্ঞ শিক্ষক ও গবেষকেরা। গিরিধারী চক্রবর্তী, ইসমাইল হাসান, গৌরাঙ্গ সরখেল, নায়ীমুল হক, সোহরাব হোসেন, শুভজিৎ মাইতি, ড.দেবব্রত মুখোপাধ্যায় প্রমুখ।
তবে এ দিনের মুখ্য আকর্ষণীয় বিষয় ছিল কাউন্সেলিং। ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের জন্য পৃথক এই পর্বে অংশ নিয়েছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক ও কর্তা ব্যক্তিরা। মূল পরিচালনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ পাঠভবন ডানকুনির প্রধান শিক্ষক ও অনুসন্ধান কলকাতার সভাপতি ড.দেবব্রত মুখোপাধ্যায়। সঙ্গে ছিলেন সেখ আহসান আলী। ছাত্র-ছাত্রীদের বেশ কিছু জ্বলন্ত সমস্যা এবং মানসিক স্বাস্থ্য নিয়ে তাঁদের সঙ্গে উপস্থিত অভিভাবক অভিভাবিকাদের বেশ আগ্রহভরে অংশ নিতে দেখা যায়। মাধ্যমিক পরীক্ষার আগে সন্তানদের সঙ্গে কীভাবে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে তা জানতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত সকলে।

এদিন অনুসন্ধান কলকাতার পক্ষে আসন্ন মাধ্যমিক পরীক্ষার সব বিষয়ের গুরুত্বপূর্ণ একগুচ্ছ প্রশ্নপত্রের উন্মোচন করা হয়। এই প্রশ্নপত্র সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে বলে জানান বিশিষ্ট শিক্ষক মনিরুদ্দীন আহমেদ। এদিন উপস্থিত সকল শিক্ষক এবং নির্বাচিত ছাত্র-ছাত্রীদেরকে উপহার হিসেবে কথাশিল্প প্রকাশনীর পক্ষে মাধ্যমিক মক টেস্ট পেপার প্রদান করা হয়। তবে সকল ছাত্র-ছাত্রীদের জন্য স্বল্পমূল্যে এই টেস্ট পেপার পাওয়া যাবে বলে ঘোষণা দেন এই আয়োজনের মুখ্য উদ্যোক্তা মোক্তার হোসাইন। সর্বাঙ্গ সুন্দর এই আয়োজনে তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত দান করেন দৌলত ।হোসাইন, হাবিব ইকবাল, আমির হোসাইন সহ বিভিন্ন এলাকার গুণীজনেরা। সুদক্ষ হাতে সঞ্চালনার মাধ্যমে তাতহির ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এই উদ্যোগকে ছাত্র-ছাত্রীদের নিকট সফলভাবে পৌঁছে দেওয়ার দায়িত্বে ছিলেন বিশিষ্ট শিক্ষাদরদী ও সমাজসেবী শাহজাহান আলী।
দৃশ্যত, বিভিন্ন এলাকা থেকে আগত শিক্ষক থেকে সাধারণ মানুষ প্রত্যেকে বেজায় খুশি ছাত্র-ছাত্রীদের নিয়ে বহুদিন পর এমন একটি প্রাণবন্ত কর্মশালার আয়োজনে।

