জাতিভিত্তিক জন-গণনার দাবিতে এসডিপিআই এর আলোচনা সভা
কলকাতা, ৯ ডিসেম্বর : কলেজ স্কোয়ার প্রাঙ্গনের মহাবোধি সোসাইটি হলে সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ হতে “জাতিভিত্তিক জন-গণনার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হলো। জাতি ভিত্তিক জন-গণনার মধ্য দিয়ে বিভিন্ন জাতিসত্তার পরিসংখ্যান, তাদের আর্থিক-সামাজিক ও শিক্ষাগত অবস্থান নিরূপণ করত প্রত্যেক জাতির সংখ্যানুপাতিক অধিকার
সুচিন্তিত করার মধ্য দিয়েই দেশের সামগ্রিক বিকাশ তথা উন্নয়ন হওয়া সম্ভব – এই ভাবনা তুলে ধরতেই এই আলোচনা সভা বলে পার্টির রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম জানান । আরো জানান, এটি এখন দেশের সবচাইতে গুরুত্বপূর্ণ ইস্যু, এটিকে হাতিয়ার করে একচেটিয়া অধিকার ভোগী উচ্চ বর্ণীয়দের শাসন – শোষণ থেকে দেশকে রক্ষা করা সম্ভব।
অন্যান্য বক্তারাও বর্তমান ভারতের বর্ণবাদী ফ্যাসিবাদ থেকে দেশকে রক্ষা করতে ও সমাজের সর্বস্তরের উন্নয়নকে পৌঁছে দিতে এই জাতি ভিত্তিক জনগণনার বিশেষ প্রয়োজনীয়তার কথাই তুলে ধরেন। বক্তাদের মধ্যে কেউ কেউ আগামী ২০২৪ – এর লোকসভা নির্বাচনে বিজেপি-কে পরাস্ত করার আহ্বানও জানান। তারা বলেন – এই গুরুত্বপূর্ণ নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে না পারলে আগামীতে দেশ ফ্যাসিবাদের অক্টোপাস বাঁধা পড়বে এবং দেশে আর কোনো ব্যক্তি স্বাধীনতা বা মানবাধিকার বলে কিছু থাকবে না।
আলোচনা সভায় বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজকর্মী, শিক্ষক সহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন । উল্লেখযোগ্য বক্তাদের মধ্যে ছিলেন – প্রাক্তন আইএএস এবং এমপি বিক্রম সরকার ও সুখ বিলাস বর্মা । বিশিষ্ট শিক্ষাবিদ ডা: শামসুল আলম, রাজনৈতিক ব্যক্তিত্ব অমিতাভ দত্ত, সঞ্চয় সরকার।প্রাক্তন আইএএস ও এসডিপিআই-এর রাজ্য সহ সভাপতি স্বপন কুমার বিশ্বাস,ডিপ্রেসড ক্লাস সোসাইটির সভাপতি রবীন্দ্রনাথ দাস, নবতিপর রাজনৈতিক ব্যক্তিত্ব নিরন্তন সরকার প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠক পার্টির রাজ্য সহ-সভাপতি মোঃ সাহাবুদ্দিন। রাজ্য কমিটির সদস্য সারুর আলম প্রারম্ভিক ভাষণ দিয়ে শুরু করেন এবং প্রফেসর আনিসুজ্জামানের সমাপ্তি ভাষণের মধ্য দিয়ে আলোচনা শেষ করা হয়।

