কলকাতা 

আগামীকাল সংসদে পেশ হচ্ছে মহুয়াকে নিয়ে এথিক্স কমিটির রিপোর্ট, খারিজ সাংসদ পদ !

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এথিক্স কমিটি যে রিপোর্ট স্পিকারের কাছে জমা দিয়েছিল আগামীকাল শুক্রবার সেই রিপোর্ট সংসদে পেশ করা হবে। এথিক্স কমিটির রিপোর্টে বলা হয়েছে মহুয়া মৈত্রের সংসদ পদ খারিজের কথা। জানা গেছে এ বিষয়ে তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় কে স্পিকার জানিয়েছেন এবং এই প্রস্তাব নিয়ে আধঘন্টা লোকসভায় আলোচনার সুযোগ দেবেন স্পিকার বলে জানিয়েছেন।

আসলে নিয়ম অনুসারে এথিক্স কমিটির কোন রিপোর্ট স্পিকারের কাছে পাঠালে সেই রিপোর্ট যদি সংসদে স্পিকার পেশ করেন তাহলে ৩০ মিনিটের বেশি আলোচনা হওয়ার কথা নয়। আর এই আলোচনার পরেই সংসদে ভোটাভুটি হবে সেই ভোটাভুটিতেই মনে করা হচ্ছে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ হতে পারে।

লোকসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর (Mahua Moitra) বিরুদ্ধে এথিক্স কমিটির রিপোর্ট পেশ নিয়ে উত্তপ্ত হওয়ার আশঙ্কা ছিল। টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার মতো গুরুতর অভিযোগ উঠেছে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের (TMC MP) বিরুদ্ধে। এথিক্স কমিটির রিপোর্টে তাঁর সাংসদ পদ খারিজের সুপারিশ করা হয়েছে বলে সূত্রের দাবি। কিন্তু মহুয়া ইস্যুতে শীতকালীন অধিবেশনের প্রথম চারদিন কোনও পদক্ষেপ করেনি কেন্দ্র। শেষে শুক্রবার ওই প্রস্তাব পেশ হতে চলেছে।

সূত্রের খবর, শুক্রবার স্পিকার ওম বিড়লা মহুয়ার সাংসদ পদ খারিজের প্রস্তাব নিয়ে আলোচনায় সায় দিয়েছেন। লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সেটা জানিয়েও দিয়েছেন তিনি। সুদীপের দাবি, ওই প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে। ইন্ডিয়া জোটের সব শরিক বিষয়টির প্রতিবাদ জানিয়েছেন। তাছাড়া মহুয়াকেও এথিক্স কমিটির রিপোর্ট নিয়ে বলতে দেওয়া উচিত।

তবে স্পিকার সব মিলিয়ে আধ ঘণ্টা সময় বরাদ্দ করতে চলেছেন। প্রথমে সরকার পক্ষের একজন প্রস্তাব আকারে এথিক্স কমিটির রিপোর্ট পেশ করবেন। পরে মহুয়াকেও সেটা নিয়ে বলার সময় দেওয়া হতে পারে। প্রয়োজন পড়লে ধ্বনিভোটে ওই প্রস্তাব পাশ করাতে পারে কেন্দ্র। তবে সবটাই আধ ঘণ্টার মধ্যে সেরে ফেলার চেষ্টা করবে গেরুয়া শিবির।

তবে বিস্ময়ের বিষয় এটা যে মহুয়া মৈত্রের এই রিপোর্ট নিয়ে কংগ্রেস দল যতটা সরব হয়েছে ঠিক ততটা সরব হয়নি তৃণমূল কংগ্রেস। ফলে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ শুধুমাত্র সময়ের অপেক্ষা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ