অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন এমপি করবই চ্যালেঞ্জ নওশাদের
বিশেষ প্রতিনিধি : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কে প্রাক্তন সংসদ করার হুমকি দিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সভাপতি বিধায়ক নওশাদ সিদ্দিকী। বেশ কয়েক মাস ধরে শোনা যাচ্ছিল আসন্ন লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী হবেন পীরজাদা নওশাদ সিদ্দিকী। এই খবর সামনে আসার পর ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা সাংবাদিকদের বলেছিলেন নওশাদ লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হলে তার জমানত থাকবে না। শওকত মোল্লার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে পীরজাদা নওশাদ সিদ্দিকী সাংবাদিকদের বলেছেন যে আমার জমানত থাকবে কি থাকবে না সেটা নিয়ে চিন্তা না করে তাদের দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় জিততে পারবেন কিনা সেটা নিয়ে চিন্তা করা উচিত।
তিনি বলেন, আমাকে নিয়ে প্রতিক্রিয়া না দিলেই শওকাত মোল্লারা ভালো করবেন কারণ আমি হারবো কি জিতবো সেটা সাধারন মানুষ ঠিক করবে। কিন্তু একথা স্পষ্ট করে বলেন ২০১৪ এর লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জনগণের আশীর্বাদ নিয়ে হারাবই।
বাংলার জনরবকে পাঠানো এক ভিডিও বার্তায় পীরজাদা নওশাদ সিদ্দিকী জানিয়েছেন আগামী লোকসভা নির্বাচনে তিনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াতে পারেন। ওই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। আগ্রহীরা দেখে নিতে পারেন। নওশাদ সিদ্দিকীর আজকের এই দেড় মিনিটের ভিডিও রাজ্যজুড়ে ভাইরাল হয়েছে এবং শাসক দলকে অনেকটাই চাপে ফেলেছে বলে ওয়াকিবহালমহল মনে করছে।
তবে এক্ষেত্রে বাংলার জনরব মনে করছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নওশাদ প্রার্থী হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার সম্ভাবনা যেমন আছে, তেমনি নওশাদের জেতার সম্ভাবনাও খুব বেশি নেই। ফলে লাভ হবে বিজেপির। নওশাদ কি বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্যই অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন? নাকি সম্ভাবনাময় একজন মুসলিম নেতা নিজেকে বাংলার মানুষের কাছে তুলে ধরার জন্যই প্রার্থী হচ্ছেন! যদি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে লোকসভায় যেতে পারেন তার চেয়ে ভালো বিষয় আর কিছু হতে পারে না। কিন্তু অভিষেককে হারাতে গিয়ে যদি বিজেপি আসার পথকে সুগম করে দেওয়া হয় তাহলে সেটা বাংলার সংখ্যালঘুদের কাছে অশনি সংকেত হিসাবে বিরাজ করবে।
