দেশ 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নির্বাচন আচরণ বিধি ভেঙেছেন কমিশনের কাছে চিঠি লিখে অভিযোগ করল তৃণমূল

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : দেশের ৮০ কোটি মানুষের জন্য আগামী পাঁচ বছর কেন্দ্রীয় সরকার বিনামূল্যে রেশন এর খাদ্য সামগ্রী দেবে ছত্রিশগড়ে এক নির্বাচনী প্রচারে গিয়ে একথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রীর মুখ থেকে এই সরকারি সিদ্ধান্তের কথা প্রচারিত হওয়ায় তীব্র প্রতিবাদে ফেটে পড়েছে বিরোধীদের দলগুলি। এরই মধ্যে জাতীয় নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে তৃণমূল কংগ্রেস দাবি করেছে এই প্রতিশ্রুতি দেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনী আচরণ বিধি ভেঙেছে।

এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ও জাতীয় মুখপাত্র সাকেত গোখেল লিখেছেন, ‘‘নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটের মুখে কোনও মন্ত্রী এই ধরনের ঘোষণা করতে পারেন না। ভোটারেরা এতে প্রভাবিত হন। বিনামূল্যে রেশন সরবরাহের মেয়াদ বৃদ্ধি জরুরি কোনও ঘোষণা নয়। কেন্দ্রের এই সিদ্ধান্তের কথা প্রধানমন্ত্রী পরেও জানাতে পারতেন। কিন্তু তিনি নির্বাচনী প্রচারে গিয়েই এ কথা ঘোষণা করেছেন।’’

সাকেত আরও লেখেন, ‘‘আমি নির্বাচন কমিশনে এ বিষয়ে অভিযোগ দায়ের করেছি। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের আগে ভোটারদের প্রভাবিত করার জন্য প্রধানমন্ত্রীর এই ব্যাকুলতার বিরুদ্ধে আমি দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়েছি কমিশনের কাছে।’’ নিজের পোস্টে কমিশনে পাঠানো অভিযোগপত্রটির ছবিও শেয়ার করেছেন সাকেত। সেখানে তিনি কমিশনের নিয়ম উদ্ধৃত করে দেখিয়েছেন, ভোটের দিন ঘোষণা হয়ে যাওয়ার পর থেকে কোনও মন্ত্রী বা প্রশাসনিক কর্তা ভোটারদের অর্থনৈতিক সাহায্যের প্রতিশ্রুতি দিতে পারেন না।

গত শনিবার ভোটের প্রচারে ছত্রিশগড়ে বিজেপির এক নির্বাচনী সভায় ভাষণ দেওয়ার সময় মোদী বলেন, ‘‘আমি সিদ্ধান্ত নিয়েছি, বিজেপি সরকার দেশের ৮০ কোটির বেশি দরিদ্র মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্প আরও পাঁচ বছর বাড়িয়ে দেবে। মানুষের ভালবাসা এবং আশীর্বাদ সব সময় আমাকে পবিত্র সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেয়।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ