INDIA ঐক্যবদ্ধ থাকলে বিজেপির জেতা হওয়া অসম্ভব : রাহুল গান্ধী
বাংলার জনরব ডেস্ক: প্রথমে ছিল মাত্র ১৯ টি বিরোধী দল পরবর্তীতে তা হল ২৬ টিতে আর বর্তমানে ২৮ টি বিরোধীদলের বৈঠক হয়ে গেল মুম্বাইয়ের। বিজেপি এবং মোদী বিরোধী জোটের নাম ইন্ডিয়া। এই ইন্ডিয়ায় এখন মোদি সরকারের কাছে মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। বিজেপি এবং আরএসএস বুঝে উঠতে পারছে না বিরোধী ইন্ডিয়া জোট যেভাবে দিনের পর দিন শক্তিশালী হচ্ছে তার মোকাবিলা করতে তারা কি করবে? এরই মাঝেই আবার নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানির শেয়ার বাজার নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে বিদেশী দুই সংবাদ মাধ্যম! তা নিয়ে গতকাল বৃহস্পতিবার মুখ খুলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
আজ শুক্রবার মুম্বাইয়ে অনুষ্ঠিত বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার তৃতীয় বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেন,”যদি বিরোধীরা ঐক্যবদ্ধ থাকে, তাহলে বিজেপির পক্ষে নির্বাচনে জেতা অসম্ভব।” পাশাপাশি লাদাখে ভারতীয় ভূখণ্ডের একটি অংশ চিন দখল করেছে, এই অভিযোগও করেছেন তিনি। এমন অভিযোগ আগেও করেছিলেন তিনি।
এদিন রাহুল গান্ধী বলেন, ”আজ দু’টি খুব বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি এই মঞ্চে উপস্থিত দলগুলি ঐক্যবদ্ধ থাকে, তাহলে বিজেপির পক্ষে নির্বাচনে জেতা অসম্ভব। আমাদের সামনে এটাই কাজ, সবচেয়ে কার্যকর ভাবে একত্রিত থাকা।” এরপরেই প্রধানমন্ত্রী মোদিকে আক্রমণ করে বলেন, ”মোদি ও ব্যবসায়ীদের মধ্যে কেমন আঁতাত চলছে, সেটা সবাই দেখছে।”
এদিকে লাদাখ ইস্যু নিয়েও তিনি এদিন ফের তোপ দাগেন মোদি সরকারের বিরুদ্ধে। তাঁর কথায়, ”আমি লাদাখে এক সপ্তাহ কাটিয়ে এসেছি। প্যাংগং লেকের সেই এলাকায় গিয়েছিলাম যেখানে চিনা রয়েছে। সেখানে গিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমি। সম্ভবত এযাবৎকালের মধ্যে লাদাখের বাইরের কোনও রাজনীতিকের সঙ্গে সবচেয়ে বিস্তারিত আলোচনা করেছেন সেখানকার মানুষরা। ওঁরা আমাকে বলছেন, প্রধানমন্ত্রী মিথ্যে বলছেন যে, চিনারা ভারতীয় ভূখণ্ড দখল করেনি। লাদাখের প্রতিটা মানুষ জানে ভারত সরকার লাদাখের সবাইকে, ভারতের সমস্ত মানুষের সঙ্গে প্রতারণা করেছে।”
পাটনা ও বেঙ্গালুরুর পর মুম্বইয়ে ২৮টি বিরোধী দলের (INDIA) বৈঠক ছিল শুক্রবার। ১৩ সদস্যের কোঅর্ডিনেশন কমিটির কথাও ঘোষণা করা হয়েছে বৈঠকের পরে। শোনা গিয়েছে, বিরোধীদের মধ্যে মতানৈক্যের কারণেই এখনও লোগো প্রকাশিত করা হয়নি। মনে করা হচ্ছে, শিগগিরি লোগো ও জোটের মুখপাত্রের নাম ঘোষণা করা হবে।

