খাস কলকাতায় পিটিয়ে খুন যুবককে, চাঞ্চল্য এলাকায়
বাংলার জনরব ডেস্ক: খাস কলকাতায় পিটিয়ে খুন করা হলো এক যুবককে। এই ঘটনায় ঢাকুরিয়া এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । জানা গেছে মদ কিনতে এসে মদের দোকানের কর্মীর সঙ্গে বাগবিতণ্ডা শুরু করে এক যুবক আর তাতেই ওই মদের দোকানের কর্মী পিটিয়ে খুন করে ওই ক্রেতাকে।
রবিবার ঢাকুরিয়ার (Dhakuria) এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তকে কঠোরতম শাস্তির দাবিতে ঢাকুরিয়া মোড় অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এই মুহূর্তে বন্ধ যান চলাচল। ঘটনাস্থলে রবীন্দ্র সরোবর থানার পুলিশ। খবর পেয়ে পৌঁছেছেন স্থানীয় কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায়। তিনি জানান, অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু কী কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটল, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঢাকুরিয়ার ওই মদের দোকানে মদ কিনতে যান এলাকারই এক যুবক। তাঁর সঙ্গে দোকানের কর্মীদের কোনও কারণে বচসা হয়। এরপরই ওই ক্রেতাকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে গিয়ে কিল, চড়, ঘুসি মারতে থাকে কর্মীরা। সিসিটিভি ফুটেজে মারধরের ছবি স্পষ্ট। এরপর ক্রেতাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

