দলের সর্বভারতীয় সহ-সভাপতির পদ থেকে অপসারিত দিলীপ ঘোষ, কেন্দ্রের মন্ত্রী হচ্ছেন!
বাংলার জনরব ডেস্ক : বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষকে সর্বভারতীয় সহ-সভাপতি পদ থেকে সরিয়ে দিল বিজেপি নেতৃত্ব। তবে জানা গেছে, দিলীপ ঘোষকে কেন্দ্রের মন্ত্রী করা হতে পারে। আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে পশ্চিমবাংলায় যাতে ভালো ফল হতে পারে তার জন্য দিলীপ ঘোষকে কেন্দ্রের গুরুত্বপূর্ণ মন্ত্রী করা হতে পারে বলে জানা গেছে।
আজ শনিবার সকালে সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা যে নতুন কমিটি ঘোষণা করেছেন তাতে দিলীপের নাম নেই। বিজেপি সূত্রে খবর, বার বার তাঁর মুখে লাগাম পরানোর চেষ্টা সত্ত্বেও দিলীপ তাতে কান দেননি। এই কারণেই তাঁকে দলীয় পদ থেকে সরানো হল। বিজেপির অন্য শিবিরের মত, যে হেতু সামনেই লোকসভা নির্বাচন, তাই সাংসদ দিলীপকে নিজের এলাকায় সময় দেওয়ার সুযোগ করে দিতে সর্বভারতীয় দায়িত্ব থেকে সরানো হয়েছে।
গত কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল দিলীপকে সর্বভারতীয় দায়িত্ব থেকে সরিয়ে কেন্দ্রের মন্ত্রী করা হবে। কিন্তু সে ক্ষেত্রে আগে কেন্দ্রীয় মন্ত্রী করে পরে দলীয় পদ থেকে সরানোই দস্তুর। তবে তার আগেই দিলীপকে সর্বভারতীয় পদ থেকে সরিয়ে দেওয়ার মধ্যে অন্য ইঙ্গিত পাচ্ছেন রাজ্য বিজেপির নেতারা। বিজেপি শিবির বলছে, অনেক দিন ধরেই দিলীপকে নিয়ে অসন্তোষ ছিল কেন্দ্রীয় নেতৃত্বের। নিজের মতো করে কাজ করে, মন্তব্য করে তিনি দলের অনুশাসন মানছেন না বলে অভিযোগ ছিল। সেই কারণেই এটা একটা শাস্তিমূলক পদক্ষেপ।
এ প্রসঙ্গে অবশ্য দিলীপ বলেছেন, ‘‘আমি এখনও কোনও চিঠি পাইনি। তবে এটা শুনেছি যে, দলের সাংসদদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে। সেটা লোকসভা নির্বাচনের দিকে তাকিয়েই। সাংসদরা যাতে নিজের নিজের এলাকায় বেশি করে সময় দিতে পারেন, তাই এই পদক্ষেপ।’’
এ কথা ঠিক দিলীপ ঘোষকে এই মুহূর্তে দলের কেন্দ্রীয় নেতৃত্বের পদ থেকে সরিয়ে দেওয়ার ফলে বিজেপি দলের অভ্যন্তরে এই প্রবীণ আরএসএস নেতা অনেকটাই কোণঠাসা বলে মনে হচ্ছে। কিন্তু একজন আরএসএস প্রচারক বিজেপির আমলে কোনঠাসা থাকবেন এটা বিশ্বাসযোগ্য নয়। তাই একটা অংশ মনে করছে দিলীপ ঘোষকে কেন্দ্রীয় মন্ত্রী করে এই রাজ্যে বিজেপিকে আরো বেশি গ্রহণযোগ্য করে তোলা হবে। তবে সবকিছুই নির্ভর করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উপর। যদি দিলীপ ঘোষকে কেন্দ্রের মন্ত্রী করা হয় তাহলে এটা স্পষ্ট হবে, দিলীপের ক্ষমতা আরও বেশি বৃদ্ধি করা হলো।।

