পঞ্চায়েত ভোট গণনা চলাকালীন সময়ে গণনা কেন্দ্রে বিধায়কের প্রবেশ,কমিশনের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের
বাংলার জনরব ডেস্ক : তৃণমূল বিধায়কের হুমকির পরিপ্রেক্ষিতে পঞ্চায়েত নির্বাচনের ফল ঘুরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে সে অভিযোগের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের দায়ের করার মামলার আজ বিচারপতি অমৃতা সিনহা রাজ্য নির্বাচন কমিশনের রিপোর্ট তলব করেছেন।কুলপির এক সিপিএম প্রার্থীর করা মামলায় এই নির্দেশ দিয়েছেন বিচারপতি।
কুলপির রামকৃষ্ণপুর ২ গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থী অর্পিতা বণিক সর্দার তৃণমূল বিধায়ক যোগরঞ্জন হালদারের বিরুদ্ধে অভিযোগ নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন।

তাঁর অভিযোগ, গত ১১ জুলাই পঞ্চায়েতের ভোটগণনার দিন গণনার শেষে প্রথমে তাঁকে জয়ী বলে ঘোষণা করা হয়েছিল। কিন্তু পরে স্থানীয় বিধায়ক কয়েক জন দুষ্কৃতীকে নিয়ে গণনাকেন্দ্রে ঢোকেন এবং হুমকি দেন। তার পরেই মাত্র একটি ভোটে তৃণমূল প্রার্থীকে জয়ী বলে ঘোষণা করা হয়।
বিধায়কের বিরুদ্ধে গণনায় প্রভাব খাটিয়ে তৃণমূল প্রার্থীকে জিতিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। হাই কোর্টের দ্বারস্থ হয়ে বিচার চেয়েছেন ওই সিপিএম প্রার্থী। নিয়ম অনুযায়ী, গণনা চলাকালীন কেউ গণনাকেন্দ্রে ঢুকতে পারেন না। বুধবার এই মামলার শুনানি চলাকালীন বিচারপতি সিংহ মামলাকারীকে প্রশ্ন করেন, তিনি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ কমিশনকে জানিয়েছিলেন কি না। মামলাকারী জানান, কমিশনের কাছেও তিনি অভিযোগ জানিয়েছেন। এর পরেই এই ঘটনায় কমিশনের রিপোর্ট তলব করেন বিচারপতি।
বিচারপতি সিংহ জানিয়েছেন, গণনাকেন্দ্রে তৃণমূল বিধায়ক কী ভাবে প্রবেশ করলেন, কমিশনের প্রতিনিধিকে এসে আদালতে সেই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে। চলতি সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি হতে পারে।

