কলকাতা 

রাস্তায় পড়ে ব্যালট পেপার কেন? জাঙ্গিপাড়ার বিডিওকে সশরীরে হাইকোর্টে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বললেন বিচারপতি অমৃতা সিনহা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : গতকাল মঙ্গলবার হুগলি জেলার জাঙ্গিপাড়া ডিএন হাই স্কুলের ভোট গণনা কেন্দ্রের বাইরে থেকে গুচ্ছগুচ্ছ ছাপ মারা ব্যালট পেপার উদ্ধার হয়। আজ বুধবার এ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সিপিএম প্রার্থী। আর এই ঘটনার কথা শুনে ব্যালট পেপার রাস্তায় পড়ে থাকার কারণ জানতে চেয়ে জাঙ্গিপাড়ার বিডিওকে তলব করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা আগামীকাল বৃহস্পতিবার বেলা দুটোর মধ্যে কলকাতা হাইকোর্টে উপস্থিত হয়ে এর কারণ ব্যাখ্যা দেওয়ার কথা বলেছেন। একই সঙ্গে ওই বুথে সংশ্লিষ্ট ভোট কর্মীদেরও নাম ঠিকানা চেয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।

উল্লেখ্য জাঙ্গিপাড়ার ডিএন হাই স্কুলে মঙ্গলবার পঞ্চায়েত ভোটের গণনার দিন রাস্তা থেকে ব্যালট পেপার উদ্ধার করা হয়। সিপিএমের অভিযোগ, তাদের পক্ষে ভোট পড়েছিল। তার পরেই ব্যালট পেপার রাস্তায় ফেলে দেওয়া হয়। ওই স্কুল সংলগ্ন রাস্তা থেকে কয়েকশো ব্যালট উদ্ধার করে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন সিপিএম প্রার্থী।

Advertisement

বিচারপতি সিনহার এজলাসে বুধবার ব্যালট পেপারগুলি দেখানো হয়। শুনানিতে বিচারপতি প্রশ্ন তোলেন, কী ভাবে ব্যালটগুলি রাস্তায় গেল? কেন সেগুলি রাস্তায় পড়ে ছিল? এলাকার বিডিও-কে হাজিরা দিয়ে তার জবাব দিতে হবে বৃহস্পতিবার। দুপুর ২টো নাগাদ তাঁকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে।

বিচারপতি সিনহা জানিয়েছেন, ওই কেন্দ্রে যাঁরা ভোট পরিচালনার দায়িত্বে ছিলেন, তাঁদের নামের তালিকাও জমা দিতে হবে হাই কোর্টে। একইসঙ্গে বুথের সিসিটিভি ফুটেজ দেখতে চেয়েছেন বিচারপতি।

মামলাকারীর অভিযোগ, মঙ্গলবার ভোটগণনা চলাকালীন গণনাকেন্দ্রের বাইরে রাস্তায় পড়ে ছিল গুচ্ছ গুচ্ছ ব্যালট পেপার। তাতে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারের স্বাক্ষরও ছিল। সিপিএমের পক্ষে ভোট পড়েছিল বলেই ব্যালটগুলি ফেলে দেওয়া হয়েছে বলে দাবি মামলাকারীর। বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি।

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ