চোপড়ায় গুলিবিদ্ধ সিপিআইএম প্রার্থীর মৃত্যু
বাংলার জনরব ডেস্ক : ১৫ জুন মনোনয়নপত্র জমা দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন বছর কুড়ির যুবক মনুসুর আলি। কিন্তু শেষরক্ষা হল না। বুধবার ভোররাতে প্রাণ হারান তিনি। তাঁর মৃত্যুতে শোকে পাথর পরিবার।
পঞ্চায়েতে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের দিগাবানার বাড়ির অদূরে কাঁঠালবাড়ি এলাকায় বাম-কংগ্রেসের মিছিলে এলোপাথাড়ি গুলি চলে। গুলি চালানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুলিবিদ্ধ হন মনসুর। তারপর থেকে নার্সিংহোমে ভরতি ছিলেন বাম যুব কর্মী। গত ছ’দিন ধরে চিকিৎসায় সামান্যও সাড়া দিচ্ছিলেন না তিনি। মঙ্গলবারই চিকিৎসকরা পরিবারকে জানিয়েছিলেন, যেন ছেলেকে এসে দেখে যান। তাঁদের নির্দেশ মতো মনসুরের সঙ্গে দেখা করেন বাড়ির লোকেরা।

চোপড়ার সীমান্ত দাসপাড়ায় গান্ধাগজের বাড়িতে ফিরে কান্নায় ভেঙে পড়েন পরিজনেরা।

