ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে চার্জশিট পেশ করার অনুমতি দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়
বাংলার জনরব ডেস্ক : ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে চার্জশিট পেশ করার অনুমতি দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভার বাজেট অধিবেশনের শেষদিন কলকাতা পুলিশের তরফে স্পিকারের দফতরে ওই সংক্রান্ত অনুমতি চেয়ে আবেদন করা হয়। বিধানসভার সচিবালয় সূত্রে খবর, ওই দিনই কলকাতা পুলিশকে ওই বিষয়ে অনুমতি দেওয়া হয়েছে।
চলতি মার্চ মাসের ২ তারিখেই নওশাদ জামিনে মুক্তি পেয়েছেন। ৪২ দিন কারাবাসের পর মুক্তি পেয়ে ফুরফুরা শরিফের এই পিরজ়াদা নিয়মিত বিধানসভার অধিবেশনে যোগ দিয়েছেন। সেই অধিবেশনের শেষ দিনেই কলকাতা পুলিশকে তাঁর বিরুদ্ধে চার্জশিট গঠনের অনুমতি দেওয়া হল স্পিকারের তরফে।
নিয়ম বলছে, বিধানসভা, লোকসভা বা রাজ্যসভার কোনও সদস্যের বিরুদ্ধে চার্জশিট দিতে গেলে বা চার্জ গঠন করতে গেলে সংশ্লিষ্ট কক্ষের স্পিকার বা চেয়ারম্যানের অনুমতি প্রয়োজন। সেই বিধি মেনেই কলকাতা পুলিশ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দফতরের থেকে ওই অনুমতি গ্রহণ করেছে।

