কিশোরী ধর্ষণের অভিযোগে বিজেপি নেতার বাড়িতে হামলা, পলাতক অভিযুক্ত
বাংলার জনরব ডেস্ক : এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। মেয়েটির আত্মীয় স্বজন-সহ সেখানে জড়ো হন অন্তত ২০০ প্রতিবেশী।ঘটনাটি মধ্যপ্রদেশের বেতুল জেলার। অভিযুক্তের নাম রমেশ গুলহান। তিনি বিজেপির সদস্য এবং সক্রিয় কর্মী। এক সময় বেতুল পুরসভার পুরপ্রধানের দায়িত্বও সামলেছেন।
অভিযোগ, সোমবার রাতে ওই কিশোরীকে নিজের বাড়িতে ডেকে পাঠান গুলহান। তার পর ফাঁকা বাড়িতে তার উপর চড়াও হন। কিশোরীকে তিনি ধর্ষণ করেন বলে অভিযোগ। এ বিষয়ে কাউকে কিছু না বলার জন্য কিশোরীকে তিনি হুমকিও দিয়ে রেখেছিলেন। কিন্তু নির্যাতিতা বাড়ি গিয়ে বাবা-মাকে সব কথা জানিয়ে দেয়।
বেতুলের অতিরিক্ত এসপি নীরজ সোনি জানান, বিক্ষোভের মাঝে গুলহান বাড়ির পিছন দিকের দরজা দিয়ে কোনও রকমে পালিয়ে যান। কিন্তু তাঁর গাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।

