দেশ 

ভুয়ো ওষুধের রমরমা ব্যবসা ঠেকাতে এবার আসরে কেন্দ্র, গঠন করা হলো বিশেষ টিম

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : দেশ জুড়ে চলছে ভুয়ো ওষুধের রমরমা ব্যবসা। আর এই ব্যবসা ঠেকাতে এবার আসরে নেমেছে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রক। সূত্রের খবর, মন্ত্রকের ছ’টি দল ওষুধ প্রস্তুতকারক সংস্থায় নিরীক্ষণ (অডিট) এবং তল্লাশির কাজ করবে। এই কাজে কেন্দ্রীয় দলকে প্রত্যক্ষ ভাবে সহায়তা করবে রাজ্য সরকারগুলো। গোটা বিষয়টির উপর নজরদারি চালাবে ‘সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন’ (সিডিএসসিও)-এর দুই যুগ্ম ড্রাগ কন্ট্রোলারের নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি।

সম্প্রতি গাম্বিয়াতে ভারতীয় ওষুধ প্রস্তুতকারকের ওষুধ খেয়ে মৃত্যু হয়েছে শিশুদের। তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। তার পরেই ন়ড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়র তত্ত্বাবধানে এই পরিকল্পনা তৈরি করা হয়েছে।

এই পরিকল্পনা অনুযায়ী, দেশের ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলোয় আচমকা অভিযান চালানো হবে। দেখা হবে, ওই সংস্থা গুনমান বজায় রেখে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে নির্দিষ্ট ওষুধ তৈরি করতে পারছে কি না। ইতিমধ্যেই এই দল অভিযান শুরুও করে দিয়েছে। সূত্রের খবর, দেশের ওষুধ উৎপাদনের মূল কেন্দ্র হিসাবে পরিচিত হিমাচল প্রদেশে ১২টিরও বেশি ওষুধ কারখানায় অভিযান চলেছে।

হিমাচলের ড্রাগ কন্ট্রোলার নভনীত মারওয়াহ্ বলেন, ‘‘উৎপাদনের পদ্ধতি মেনে না চলায় রাজ্যের একাধিক ওষুধ কারখানার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিস জারি করা হয়েছে। একটি কারখানার উৎপাদন সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।’’ কোন সংস্থার বিরুদ্ধে অভিযান চলেছে তা জানাননি নভনীত। তবে তিনি জানিয়েছেন সবক’টি সংস্থাই ছোট বা মাঝারি আকারের।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ