জেলা 

সিবিআই হেফাজতে মৃত লালন শেখের বাড়িতে গেলেন স্থানীয় সাংসদ শতাব্দী রায়, পরিবারের পাশে থাকার আশ্বাস

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : সিবিআই হেফাজতে রহস্য মৃত্যুর পর  লালন শেখের বাড়িতে গেলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। তিনি কথা বলেন,লালনের স্ত্রীর সঙ্গে, দিলেন পাশে থাকার আশ্বাস। লালনের স্ত্রীর কথা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জানানোর আশ্বাস দিয়েছেন শতাব্দী।

শতাব্দীর দাবি, তাঁর কাছে লালনের পরিবারের লোকজন যা অভিযোগ করছেন তা মারাত্মক। তাঁর অভিযোগ, লালনের পাশাপাশি সিবিআইয়ের কর্তারা মারধর করেছেন লালনের স্ত্রীকেও। সাংসদের প্রশ্ন, ‘‘একজন মহিলাকে কী ভাবে মারধর করা হয়!’’ তার পরেই শতাব্দী বলেন, ‘‘আমি এটা নিয়ে যত দূর যেতে হয় যাব। দিদি এবং অভিষেকের সঙ্গে কথা বলব। আমি সব রকম ভাবে পরিবারের পাশে আছি।’’
বিজেপির অভিযোগ, তৃণমূলের মন্ত্রণাতেই সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ করছে লালনের পরিবার। তারই জবাব দিতে গিয়ে শতাব্দী বলেন, ‘‘আমি ওদের জিজ্ঞেস করলাম, তোমরা কি দলের হয়ে কথা বলছ? ওরা আমাকে জানাল, নিজেদের কথাই বলছি। এখানে দলের কোনও ব্যাপার নেই।’’
শতাব্দী বেরিয়ে যাওয়া পর লালনের স্ত্রী রেশমা বলেন, ‘‘দিদি আমাদের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন, পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আমরা চাই সিবিআইয়ের হুমকি ও মারধরের বিচার হোক।’’

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ